
৪১ দিন ধরে নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালিয়ে যেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, পুলিশকে বিশেষ গুরুত্ব দিয়ে তাঁকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদের করা রিট আবেদনের নিষ্পত্তি করে গতকাল সোমবার এ নির্দেশনা দেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেছেন, সালাহ উদ্দিনকে খুঁজে পেতে পুলিশ কী কী করছে, তা প্রতি মাসের প্রথম দিন স্বরাষ্ট্রসচিবকে জানাতে হবে। আগামী ছয় মাস পুলিশকে এ প্রতিবেদন দিতে হবে।
সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করতে পুলিশের তৎপরতা-সংক্রান্ত কিছু নথি গতকাল আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। তিনি আদালতে জানান, গত ১৬ মার্চ এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া তিন সদস্যের কমিটি গঠন করেন। ডিএমপির যুগ্ম কমিশনারকে (ক্রাইম অ্যান্ড অপারেশনস) প্রধান করে গঠিত ওই কমিটির অপর দুই সদস্য হলেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ও গোয়েন্দা শাখার (উত্তর) উপকমিশনার। সাত দিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে তদন্ত শেষ করতে আরও সময় চেয়েছেন তাঁরা। কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।
বশিরউল্লাহ আদালতকে আরও জানান, সর্বশেষ ১৭ এপ্রিল পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনারকে পাঠানো প্রতিবেদনে সালাহ উদ্দিনকে খুঁজে বের করার বিষয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা। এতে বলা হয়েছে, উত্তরার যে বাড়ি থেকে সালাহ উদ্দিনকে অপহরণের অভিযোগ করা হচ্ছে, ওই এলাকার ও আশপাশের বাড়ির নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যাচ্চে না। তিনতলা বাড়ির যে ফ্ল্যাট থেকে তাঁকে অপহরণের অভিযোগ রয়েছে, সেই ফ্ল্যাটের বাসিন্দা হাবিব হাসনাত ও সুমনা দম্পতি এখনো বিদেশে আছেন। তাঁরা দেশে ফিরলে তথ্য পাওয়া যেত। এ বিষয়ে করা সাধারণ ডায়েরির (জিডি) ওপর তদন্ত অব্যাহত রয়েছে।
পরে বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, ওই কমিটিকে তিনটি বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো সালাহ উদ্দিনকে আদৌ অপহরণ করা হয়েছে কি না; সাদাপোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আদৌ অপহরণ করেছে কি না; অপহরণ করা হলে কে বা কারা করেছে।
আদেশের পর খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, তাঁদের আশা ছিল, আদালত পুলিশের জবাবদিহি চেয়ে আদেশ দেবেন। কিন্তু তা হয়নি।
সালাহ উদ্দিনের স্ত্রীর অভিযোগ, গত ১১ মার্চ রাতে উত্তরার একটি বাড়ি থেকে সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে ১২ মার্চ স্ত্রী রিট করলে আদালত রুল দেন। এতে আদালত জানতে চান, সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে ১৫ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির করা হবে না। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর, ডিএমপি, র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখা (এসবি) পৃথক প্রতিবেদন দাখিল করে দাবি করে, তারা কেউ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার বা আটক করেনি। তবে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পরে ওই রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। তাঁরা একটি স্বাধীন কমিটি বা কমিশন গঠন করে সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে আদালতে আরজি জানান। এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ রুলটি অকার্যকর করার আরজি জানান। এরপর গতকাল আদালত রুল নিষ্পত্তি করে আদেশ দিলেন।