সালাহ উদ্দিনকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিনা আহমেদ। ফাইল ছবি
হাসিনা আহমেদ। ফাইল ছবি

বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। তিনি আবারও দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে। তাঁকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ কামনা করেন তিনি।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাসিনা আহমেদ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। কাজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তাঁকে জনসমক্ষে হাজির করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার বিনীতভাবে আবেদন করছি, উনি যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তারা যেভাবে আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, ঠিক সেভাবেই যেন আমার স্বামীকে অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেয়।’

হাসিনা আহমেদ বলেন, তিনি শুধু একটি খবরই জানতে চান, তাঁর স্বামী কোথায় আছেন? তিনি স্বামীকে ফিরে পেতে সবার সহায়তা চান।

নাগরিক সমাজের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া তাতে বক্তব্য দেন।

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি তাঁর স্ত্রী হাসিনা আহমেদ ও বিএনপির। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এ অভিযোগ অস্বীকার করে আসছে। আদালতের একটি রুলের পরিপ্রেক্ষিতে তারা আদালতকে জানিয়েছে, সালাহ উদ্দিনের কোনো খোঁজ তাদের কাছে নেই।

আরও জানতে পড়ুন: