সালাহ উদ্দিনকে ফেরত দেওয়ার দাবিতে আজ কক্সবাজারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে আজ সোমবার মানববন্ধন করবে কক্সবাজার জেলা বিএনপি।
বিএনপির নেতারা বলেন, ৩০০ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে দুই লাখ মানুষ অংশ নেবেন। আজ বেলা সাড়ে ১১টায় কর্মসূচি শুরু হবে। চলবে আধা ঘণ্টা।
গতকাল রোববার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
দলীয় সূত্র জানায়, কক্সবাজার শহরের জিরো পয়েন্ট (হলিডে মোড়) থেকে রামু হয়ে চকরিয়ার আজিজনগর পর্যন্ত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ৭৭ কিলোমিটার, চকরিয়া-পেকুয়া উপজেলার মগনামা ঘাট পর্যন্ত ৪১ কিলোমিটার, কুতুবদিয়ার লেমশিখালী থেকে আলী আকবর বলী ঘাট পর্যন্ত আজম সড়কের ৩০ কিলোমিটার, মহেশখালী গোরকঘাটা থেকে কালারমারছড়া পর্যন্ত ৩০ কিলোমিটার, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ৯০ কিলোমিটার, কক্সবাজার শহরের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের ৪০ কিলোমিটারসহ জেলার ৩০০ কিলোমিটারের বেশি সড়কে এই মানববন্ধন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, জেলা যুবদলের সভাপতি মোকতার আহমদ।
সাবেক সাংসদ লুৎফর রহমান বলেন, এটি হবে জেলার সবচেয়ে বড় মানববন্ধন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ জোর দিয়ে বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁকে (সালাহ উদ্দিনকে) তুলে নিয়ে গেছেন। তাই আমরা ধরে নিচ্ছি তিনি এখনো জীবিত।’
শামীম আরা জানান, জেলার ১৮টি সাংগঠনিক উপজেলা বিএনপির তত্ত্বাবধানে ৮০টি ইউনিয়ন কমিটির নেতারা এ ব্যাপারে দায়িত্ব পালন করছেন।