সালাহ উদ্দিনকে বিচারের আওতায় আনা হবে: র‍্যাবের ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজীর আহমেদ। ফাইল ছবি।
বেনজীর আহমেদ। ফাইল ছবি।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এ জন্য ভারত থেকে ফিরিয়ে এনে তাঁকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আজ বুধবার খুলনার একটি হোটেলে র‌্যাব-৬-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিখোঁজ হওয়ার দুই মাস পর গত সোমবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের হদিস মেলে। বর্তমানে তিনি শিলং শহরের সিভিল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন। সুস্থ হলে আগামী সপ্তাহে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে সেখানকার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
সালাহ উদ্দিনকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশব্যাপী সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের ‘অন্যতম হোতা’ হিসেবে অভিহিত করেন র‌্যাবের মহাপরিচালক। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ তিন মাসে অন্তত দেড় শ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। এ সময় দেশে প্রতিদিন দুই হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ জন্য সালাহ উদ্দিনকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।
এ ছাড়া সম্প্রতি সিলেটে নিহত ব্লগার ও ব্যাংকার অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। তিনি দেশে জঙ্গি দমনে র‌্যাবের ‘সফল’ নেতৃত্বের প্রসঙ্গ উল্লেখ করেন।
একই সঙ্গে উপকূলীয় এলাকার জলদস্যু ও বনদস্যু দমনে র‌্যাবের দুটি কোস্টাল ব্যাটালিয়ন গঠন করা হবে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, এর জন্য দ্রুত কাজ শুরু হবে। এর মাধ্যমে সাগর ও বনে জলদস্যু ও বনদস্যু নির্মূল করা সম্ভব হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে র‌্যাব-৬-এর কমান্ডিং অফিসার এনামুল আরিফ সুমনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।