সালাহ উদ্দিনকে বিচারের মুখোমুখি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদকে ভারত হস্তান্তর করলে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বাংলাদেশ থেকে ভারতে কীভাবে গেলেন, তাও জানার চেষ্টা করা হবে।
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭-এর কার্যালয়ে র্যা বের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাবপ্রধান এসব কথা বলেন।
র‍্যাবের মহাপরিচালক বলেন, সালাহ উদ্দিন তিন মাসে অবরোধের নামে বহু মানুষকে পুড়িয়ে মারার কুশীলব ছিলেন। তিনি কি বৈধ পথে ভারতে গেছেন, নাকি অবৈধ পথে, তা দেখার বিষয়। যদি অবৈধ পথে গিয়ে থাকেন তবে ভারতীয় আইনে দোষী সাব্যস্ত হবেন। আর ভারত হস্তান্তর করলে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশ থেকে কীভাবে তিনি ভারতে গেছেন, তা জানার চেষ্টা করা হবে।
সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়ার ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার র‍্যাবকে দায়ী করা প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, ‘কোনো পুরোনো সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি প্রমাণ ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বাহিনীকে কালিমালিপ্ত করার চেষ্টা করলে তা কোনো নৈতিক মানদণ্ডে গ্রহণযোগ্য নয়। এর বিচারের ভার জনগণের ওপর অর্পণ করলাম।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রমুখ।