সালাহ উদ্দিনকে হাজির করতে রিটের রায় ২০ এপ্রিল

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে হাজিরের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর রায়ের জন্য ২০ এপ্রিল তারিখ পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রায়ের এই তারিখ পুনর্নির্ধারণ করেন। এ বিষয়ে আজ রায়ের দিন ধার্য ছিল।
সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে গত ১২ মার্চ তাঁর স্ত্রী হাসিনা আহমদ হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের উল্লিখিত বেঞ্চ রুল দেন।
রুলে আদালত জানতে চান, সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে ১৫ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির করা হবে না। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।
আদালতের ওই আদেশ মেনে পুলিশের পাঁচটি শাখা প্রতিবেদন দেয়। এতে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখা (এসবি) দাবি করে, তাদের কেউ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার বা আটক করেনি। তবে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সালাহ উদ্দিনের স্ত্রীর অভিযোগ, ১০ মার্চ রাত নয়টা থেকে ১০টার মধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যান। সেখানে এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন।