সালাহ উদ্দিনের খোঁজ নেই, পরবর্তী শুনানি ৮ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহ উদ্দিন আহমদ
সালাহ উদ্দিন আহমদ

এক সপ্তাহ ধরে নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের খোঁজ গতকাল সোমবারও পাওয়া যায়নি। তাঁকে হাজিরের নির্দেশনা চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানি আগামী ৮ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। গতকাল এ বিষয়ে বাদীপক্ষের শুনানি করার কথা ছিল।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ গতকাল বলেছেন, একজন মানুষকে এত দিনেও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে না। এদিকে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে দেশের সব গণতন্ত্রমনা ব্যক্তি, সংগঠন ও দলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। জোটের পক্ষে গতকাল এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা এ আহ্বান জানান।
সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে ১২ মার্চ তাঁর স্ত্রী হাইকোর্টে আবেদন করলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন। রুলে আদালত জানতে চান, সালাহ উদ্দিনকে কেন খুঁজে বের করে ১৫ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির করা হবে না। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর, ডিএমপি, র্যাব, সিআইডি ও এসবি গত রোববার প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, তাদের কেউ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার বা আটক করেনি। তাঁকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
গতকাল শুনানির সময় আদালত বলেন, পুলিশ প্রতিবেদনে বলছে, সালাহ উদ্দিনকে তারা গ্রেপ্তার বা আটক করেনি। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কিন্তু সে জন্য পুলিশ কী কী উদ্যোগ নিয়েছে, তা এতে বলা হয়নি।
এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ডিএমপি ও সিআইডি লিখেছে, সালাহ উদ্দিনকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। র্যাব লিখিতভাবে জানিয়েছে, সালাহ উদ্দিনকে খুঁজে বের করতে তাদের সব ব্যাটালিয়নে চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর জন্য সব ব্যাটালিয়নকে নির্দেশ দিয়েছে র্যাব সদর দপ্তর।
গতকাল পুলিশের প্রতিবেদনগুলোতে হলফনামা যুক্ত করে আদালতে দাখিল করেন মাহবুবে আলম। প্রতিবেদনের একটি অনুলিপি বাদীপক্ষকেও সরবরাহ করে রাষ্ট্রপক্ষ।
শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ফৌজদারি অপরাধের তদন্তের সময় বলা সম্ভব নয়, ১০ বছরও লাগতে পারে। দুজন সাংবাদিক (সাগর সরওয়ার ও মেহেরুন রুনি) যে মারা গেছেন, আজ পর্যন্ত তার তদন্ত শেষ হলো না। এখনো অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়নি।
মাহবুবে আলমের শুনানি শেষে বাদীপক্ষকে শুনানি করতে বলেন আদালত। বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ বলেন, পুলিশের প্রতিবেদন তিনি বেলা তিনটার সময় পেয়েছেন। এ ছাড়া তিনি সংশ্লিষ্ট বিষয়ে চারটি রায় উল্লেখ করতে চান। তিনি বলেন, ‘আমার সময় লাগবে। অনেক লেখাপড়া করে এসেছি। আজকাল তো এগুলো নিয়ে তেমন মামলা হয় না। এখন সরকার অনেক চালাক হয়ে গেছে। হয় গুলি করে মেরে ফেলে, না হয় গুম করে দেয়।’
পরে আদালত ৮ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন।
সালাহ উদ্দিনকে খোঁজার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন। যাঁরা তাঁকে ধরে নিয়ে গেছেন, তাঁরা যদি অস্বীকার করেন, তাহলে কার কাছে যাবেন। তিনি আক্ষেপ করে বলেন, একজন মানুষকে এত দিনেও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে না। তাঁকে না পেয়ে সন্তানেরা ভেঙে পড়েছে।
সালাহ উদ্দিনের স্ত্রীর অভিযোগ, ১০ মার্চ রাত ৯টা থেকে ১০টার মধ্যে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যান। সেখানে এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন। ১১ মার্চ রাতে তিনি এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেন। তবে আদালতে দেওয়া প্রতিবেদনে উত্তরা পশ্চিম থানার পুলিশ দাবি করেছে, ওই বাড়িতে যে সালাহ উদ্দিন ছিলেন, সেটাই নিশ্চিত নয়।