সালাহ উদ্দিনের খোঁজে গাইবান্ধায় পুলিশের অভিযান
গাইবান্ধার পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তির কাছ থেকে খবর পায়, বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহ উদ্দিন আহমদের সন্ধান পাওয়া গেছে। এরপর রাতেই জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারির চরে অভিযান চালায় পুলিশ। কিন্তু রাত ১২টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি মুঠোফোনে পুলিশ সুপারকে (এসপি) জানান, খাটিয়ামারির চরে অসুস্থ অবস্থায় পড়ে আছেন সালাহ উদ্দিন আহমেদ। এই খবরে তাঁর (মোশাররফ) নেতৃত্বে একজন চিকিৎসকসহ অ্যাম্বুলেন্স ও পুলিশের একটি দল ওই চরে তল্লাশি শুরু করে। কিন্তু রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁরা সালাহ উদ্দিনের সন্ধান পাননি। তবে তখনো অভিযান অব্যাহত ছিল।
সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদের অভিযোগ, ১০ মার্চ রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর স্বামীকে ধরে নিয়ে যান। সেখানে এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন। ১১ মার্চ রাতে তিনি এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেন।