সালাহ উদ্দিনের খোঁজে তিন সদস্যের কমিটি
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সন্ধানে একটি কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কমিটি এখন পর্যন্ত সালাহ উদ্দিন আহমদের ব্যাপারে কোনো তথ্য পায়নি বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, তিন সদস্যের এই কমিটির প্রধান ডিএমপির যুগ্ম কমিশনার মীর রেজাউল করিম। অন্য দুই সদস্য হলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম ও উপকমিশনার (উত্তরা) ইকবাল হোসেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনারের নির্দেশে কমিটি গঠন করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে সালাহ উদ্দিনের খোঁজে এখন পর্যন্ত পুলিশ চোখে পড়ার মতো কোনো অভিযান চালায়নি। এ নিয়ে কেউ এখন আর কোনো কথাও বলছেন না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহ উদ্দিন আহমদকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিনা আহমদ। স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তিনি। এর আগে স্বামীকে ফিরে পেতে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেনি। তাঁর কোনো খোঁজও পাওয়া যায়নি। এ বিষয়ে ৮ এপ্রিল হাইকোর্টে শুনানির দিন ধার্য রয়েছে।