গুরুত্ব দিয়ে সালাহ উদ্দিনকে খুঁজতে আদালতের নির্দেশনা

এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রীর করা রিট আবেদনের নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিট নিষ্পত্তির আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার ব্যাপারে পুলিশ কী কী কার্যক্রম নিয়েছে, তা প্রতি মাসের এক তারিখে প্রতিবেদন আকারে স্বরাষ্ট্রসচিবকে জানাতে হবে। পুলিশ যেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে সালাহ উদ্দিন আহমদকে খুঁজে বের করার প্রক্রিয়া চালায়, এ বিষয়েও আদালত নির্দেশনা দিয়েছেন।
সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করার নির্দেশনা চেয়ে গত ১২ মার্চ হাসিনা আহমদ রিট আবেদন করলে হাইকোর্ট রুল দেন। সালাহ উদ্দিনকে খুঁজে বের করে ১৫ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যে কেন আদালতে হাজির করা হবে না, তা রুলে জানতে চান আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়। আদালতের ওই আদেশ মেনে পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) দেওয়া প্রতিবেদনে বলা হয়, তাদের কেউ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার বা আটক করেনি। তবে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। গত ৯ এপ্রিল শুনানির পর আদালত আজ রিট নিষ্পত্তির আদেশ দেন।