সালাহ উদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলায় সাক্ষ্য দিলেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলায় গতকাল বুধবার পুলিশের দুই সদস্য আদালতে সাক্ষ্য দিয়েছেন। ওই দুজন গত ১১ মে ভোরে ভারতের শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে সালাহ উদ্দিনকে কাছের পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়েছিলেন।
শিলংয়ের আদালতে এ মামলায় গতকাল দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। সালাহ উদ্দিন আহমদের আইনজীবী অনিল আগারওয়াল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে এসব তথ্য জানান।
অনিল আগারওয়াল বলেন, শিলংয়ের জেলা ও দায়রা জজ আদালতের মুখ্য বিচারক কে এম লিংদো নংব্রির আদালতে গতকাল সাক্ষ্য দেন পাস্তুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কে সাবাং ও কনস্টেবল এস মারি। এ দুজন ও কনস্টেবল এন সাংমা ১১ মে ভোর থেকে ওই দিন প্রায় পুরোটা সময় সালাহ উদ্দিন আহমদের সঙ্গে ছিলেন।
আদালত সূত্র বলেছে, ৩০ জুলাই মামলার প্রথম দিনের শুনানিতে সাক্ষ্য দেন কনস্টেবল এন সাংমা।
গতকাল সাক্ষ্যে সাবাং ও মারি বলেন, ১১ মে ভোরে টহল দেওয়ার সময় শিলং গলফ লিংক এলাকা থেকে ফোন পেয়ে তাঁরা সেখানে যান। গলফ লিংক এলাকায় গিয়ে দেখেন, স্থানীয় তিন-চারজন লোকের সঙ্গে একজন দাঁড়িয়ে আছেন। পরিচয় জানতে চাইলে ওই লোক তাঁর নাম সালাহ উদ্দিন আহমদ এবং বাংলাদেশের নাগরিক এটা বলেন। এরপর পুলিশ সালাহ উদ্দিন আহমদকে প্রথমে পুলিশ ফাঁড়িতে এবং পরে শিলংয়ের সিভিল হাসপাতাল, শিলং সদর থানা ও মানসিক হাসপাতালে নিয়ে যায়। সদর থানায় নেওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক পি লামারে সালাহ উদ্দিনকে প্রাথমিক জেরা করেন। সেখানে তিনি বলেন, তাঁকে ঢাকার উত্তরা থেকে অপহরণ করে অপহরণকারীরা। এরপর বিভিন্ন জায়গা ঘুরিয়ে তাঁকে অপহরণকারীরা শিলংয়ে রেখে গেছে।
অনিল আগারওয়াল প্রথম আলোকে বলেন, গতকাল শুনানির পর বিচারক কে এম লিংদো নংব্রি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেননি। তবে আগামী দু-এক দিনের মধ্যে পরবর্তী শুনানির তারিখ জানা যেতে পারে।
সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে ভারতের ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ১৪ ধারায় এ মামলা করা হয়েছে। ওই ধারা অনুযায়ী কারও বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির সর্বনিম্ন কয়েক দিন থেকে সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তি হয়।