সালাহ উদ্দিনের সন্ধান দাবিতে পেকুয়ায় মানববন্ধন
নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সন্ধান ও তাঁকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন করেছেন নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করা হয়। পরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে নেতা-কর্মীরা পেকুয়া উপজেলা পরিষদের সামনে জড়ো হয়। বেলা ১১টায় শুরু হওয়া মানবববন্ধন উপজেলা পরিষদ, পেকুয়া থানা হয়ে পেকুয়া চৌমুহনী পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ হয়। এতে বক্তব্য দেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউপি চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন, মগনামা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আজিম ও ইয়াসিন আরাফাত।
বক্তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আটক করে নিয়ে গেলেও স্বীকার করছে না। তিনি কোথায় আছেন, কেমন আছেন তা নিয়ে পুরো দেশের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। তাঁকে দ্রুত জনসম্মুখে হাজির করতে হবে। অন্যথায় শান্তিপূর্ণ কর্মসূচির পরিবর্তে কঠোর কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।