সালাহ উদ্দিনের 'নিখোঁজের' বিষয়টি তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজের’ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ‘ট্রেনিং অন ট্রান্সন্যাশনাল ক্রাইম: সার্ক পারসপেকটিভ’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কাউকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করলে আইন অনুযায়ী তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা হয়। তিনি বলেন,‘সালাহ উদ্দিন আহমেদের পরিবার বিষয়টি নিয়ে যে অভিযোগ করেছে, তা এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার ও স্পষ্ট নয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন বলেই আমরা তা তদন্ত করে দেখছি।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় না পৌঁছানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সবকিছুই আদালতের নির্দেশে হচ্ছে।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সার্কভুক্ত দেশগুলো থেকে আগত ২০ জন এসপিসহ তদূর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন।
তৃতীয়বারের মতো ২১ দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়া সার্কভুক্ত ভারত, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালের এসপিসহ তদূর্ধ্ব কর্মকর্তারা এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।