আড়াইহাজার উপজেলার বগাদী গ্রামে বুধবার রাতে গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রাম্য সালিসে দোষী সাব্যস্ত করে জুতাপেটা করায় সালিসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছে এক স্থানীয় ইউপি সদস্যসহ ১০ জন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল হাই (২৫) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।জানা গেছে, আড়াইহাজার উপজেলার বগাদী গ্রামের আতাউরের স্ত্রীকে স্থানীয় বখাটে যুবক মোহাম্মদ আলী প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে বুধবার রাতে আতাউর স্থানীয় গ্রাম্য সালিসে বিচার বসায়। সালিসে আলীকে দোষী সাব্যস্ত করে জুতাপেটা করা হয়। এ ঘটনায় বখাটে আলী ও তার সহযোগী কালাম, কবির, সাদু ও নাজমুল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সালিসের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় আহত হন স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন (৬৫), আবদুল হাই (২৫), মো. আলীম (৩০), আলীমুল্লাহ (৪০), সানাউল্লাহ (৬০), আতাউর (২১), রহমত আলী (৫০)। আহত ব্যক্তিদের মধ্যে আবদুল হাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।