‘বাড়ি থেকে জোর করে উঠিয়ে নিয়ে গিয়েছিল বিয়ে করবে বলে। পাঁচ দিন ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করেছে। সম্মান নষ্ট করে তাড়িয়ে দিয়েছে। শারীরিক নির্যাতন আর মানসিক যন্ত্রণায় অসুস্থ হয়ে দীর্ঘ এক মাস হাসপাতালের বেডে পড়ে আছি। এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেটাও দেওয়া হচ্ছে না।’কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা ও বেথুলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী (১৪)। মেয়েটি জানায়, ঘরে আটকে রেখে নির্যাতন করে ছেড়ে দেওয়ার পর বিচার চান তার বাবা। সামাজিক বিচারে রুবেলের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু সেই টাকা না দিয়ে তার বাবার বিরুদ্ধেই উল্টো চাঁদাবাজির মামলা দেওয়া হয়।ওই ছাত্রী আরও জানায়, নবম শ্রেণীতে পড়াকালে তার এক সহপাঠী গ্রামের মোক্তার আলীর ছেলে রুবেল ইসলাম প্রেমের প্রস্তাব দেয়। পড়ালেখা শেষে পরিবারের পক্ষ থেকে তার (রুবেল) সঙ্গে বিয়ে দিলে কোনো আপত্তি থাকবে না বলে জানায় সে। কিন্তু গত ১৯ নভেম্বর মেয়েটির এসএসসির নির্বাচনী পরীক্ষা শেষ হলে বাড়ি ফেরার সময় পথ আটকে দাঁড়ায় রুবেল; সে আগের কথাই বলে। এতে রুবেল ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরের দিন বিকেলে নিজের ঘরে পড়ালেখা করার সময় রুবেল চার-পাঁচজন সহযোগী নিয়ে তাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর একটি ঘরে পাঁচ দিন আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। সম্মান বাঁচাতে রুবেলের সঙ্গে বিয়েতে রাজি হলেও তারা শেষ পর্যন্ত সেটাও করেনি। বাধ্য হয়ে তার বাবা গ্রামের মাতব্বরদের কাছে বিচার চান। মাতব্বরেরা রুবেলের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।মেয়েটি জানায়, শারীরিক নির্যাতন আর মানসিক যন্ত্রণায় সে ঘটনার পর থেকে অসুস্থ। একপর্যায়ে তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসা শেষে কালীগঞ্জ শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার হয়। এখনো সে ক্লিনিকে চিকিৎসাধীন। এসব ঘটনার কারণে তার ফরম পূরণ করা সম্ভব হয়নি। ফলে এসএসসি পরীক্ষা দেওয়া হচ্ছে না।মেয়েটির বাবা জানান, মেয়ের সম্মান নষ্ট করতেই রুবেল এ ঘটনা ঘটিয়েছে। সালিসের নির্ধারিত টাকা রুবেলের বাবা দেননি, উল্টো ঝিনাইদহ আদালতে তাঁর নামে চাঁদাবাজির একটি মামলা করেছেন। এ মামলায় কালীগঞ্জের দুজনকে আসামি করা হয়েছে, যাঁরা আদৌ এই ঘটনার সঙ্গে জড়িত নন।এ বিষয়ে রুবেলের বাবা মোক্তার আলী দাবি করেন, তাঁর ছেলে মেয়েটিকে উঠিয়ে আনেনি, বরং মেয়েটি বিয়ের দাবি নিয়ে তাদের বাড়িতে এসেছিল। কিন্তু মেয়েপক্ষ রাজি না থাকায় বিয়ে হয়নি। তিনি বলেন, ৫০ হাজার টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই নিজে বাঁচার জন্য মামলা করেছেন।সালিসকারীদের একজন মল্লিকপুরের আলী জিন্নাহ জানান, তাঁরা চেয়েছিলেন দুই পক্ষের সঙ্গে আলাপ করে বিয়ের ব্যবস্থা করতে। কিন্তু সেটা না হওয়ায় মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এখানে চাঁদাবাজির যে কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। বরং আবদুল আজিজ নামে সালিসাকারীদের একজনকে আসামি করা হয়েছে।