সালিস না মানায় নয় মাস ধরে একঘরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি পরিবারকে নয় মাসের বেশি সময় ধরে সমাজচ্যুত করে রাখা হয়েছে। কেটে দেওয়া হয়েছে বাড়ির বৈদ্যুতিক সংযোগ; বঞ্চিত করা হচ্ছে সামাজিক কর্মকাণ্ড থেকে। পরিবারের শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে।অভিযোগ পাওয়া গেছে, সমাজপতিদের গ্রাম্য সালিসের রায় না মানায় উপজেলার ধানশালিক ইউনিয়নের মুড়া আমিরাবাদ গ্রামের সৌদিপ্রবাসী আবদুল করিমের পরিবার এই বর্বর আচরণের শিকার হচ্ছে। গত শুক্রবার ওই এলাকায় গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়।আবদুল করিমের স্ত্রী হোসনে আরা বেগম প্রথম আলোকে জানান, তাঁর স্বামী ১৪ বছর ধরে সৌদি আরব থাকেন। নয় মাস ধরে তাঁদের একঘরে করে রাখা হয়েছে। বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাড়ির কাছের দোকানগুলোকে জিনিসপত্র বেচাকেনা করতে নিষেধ করা হয়েছে। গত দুই ঈদে স্থানীয় মসজিদে তাঁদের নামাজ পড়তে দেওয়া হয়নি। পরিবারের শিশুদের স্কুল ও মক্তবে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত যেভাবে: হোসনে আরা জানান, তাঁদের প্রতিবেশী সিরাজ মিয়া গত বছরের ১৫ জুলাই কাতারে যাওয়ার সময় এলাকার কয়েকজনের মালামাল নিয়ে যান। কাতার বিমানবন্দরে সে দেশের পুলিশ তাঁকে আটক করে। সিরাজের পরিবারের সদস্যরা এ জন্য তাঁর ছেলে মিজানুরকে দায়ী করেন। এ নিয়ে গ্রাম্য সালিস বসে। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এয়াকুব নবী ও সদস্য সাহাবউদ্দিনসহ অনেকে ছিলেন। সালিসে সিরাজের পরিবারকে সাড়ে তিন লাখ টাকা ক্ষতিপূরণ এবং সিরাজ যত দিন কাতারে কারাগারে থাকবেন তত দিন তাঁর পরিবারের দায়িত্ব হোসনে আরার পরিবারকে নিতে হবে বলে রায় দেওয়া হয়। সিরাজের স্ত্রী বিবি কুলছুম দাবি করেন, মিজানুর কাতারে বাবুল নামের এক ব্যক্তিকে দিতে তাঁর স্বামীর ব্যাগে একটি প্যাকেট ঢুকিয়ে দেন। বিমানবন্দরে সে দেশের পুলিশ সিরাজকে ওই প্যাকেটসহ আটক করে। ওই প্যাকেটে গাঁজা ছিল। তবে হোসনে আরার বড় ছেলে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেন। তবে তিনি হেরে যান; নির্বাচিত হন একই দলের বিদ্রোহী প্রার্থী এয়াকুব। বিপক্ষে কাজ করার কারণেই এয়াকুব সমাজপতিদের দিয়ে তাঁদের একঘরে করেছেন।সালিসদারদের বক্তব্য: ইউপি চেয়ারম্যান ইয়াকুব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সমাজচ্যুত করার সিদ্ধান্তটি স্থানীয় সমাজের নেতারা নিয়েছেন। আমি খোঁজ নিয়ে দেখব, কী করা যায়।’ ইউপি সদস্য সাহাবউদ্দিনও দাবি করেন, সমাজচ্যুত করার সিদ্ধান্তটি সমাজের লোকজনের। একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে তাঁরা এ ব্যবস্থা নিয়েছেন। স্থানীয় সমাজ কমিটির সভাপতি আবদুল হক মাস্টার বলেন, সালিসে সাক্ষ্য-প্রমাণে মিজান দোষী প্রমাণিত হয়েছেন। তাই তাঁর পরিবারকে জরিমানা করা হয়। কিন্তু রায় না মানায় সবাই পরিবারটিকে সমাজচ্যুত করার প্রস্তাব করেন।