সালিস বসিয়ে মীমাংসার পাঁয়তারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউপির শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা স্থানীয় উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর সেই স্কুলছাত্রীটি (১২) এখনো বাড়ি ফিরতে পারেনি। আবারও তাকে অপহরণের হুমকি দেওয়ায় মেয়েটি এখনো অন্যের আশ্রয়ে বিভিন্ন বাড়িতে পালিয়ে থাকছে। মেয়ের বাবা হাবিবুর রহমান বলেছেন, ‘মামলা করলেও অভিযুক্ত ব্যক্তিরা গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলায় অভিযুক্ত ৩ নম্বর আসামি শাহজাহান মিয়া গত শুক্রবার গ্রামে সালিস বসিয়ে এ ঘটনাটি মীমাংসা করার চেষ্টা চালিয়েছে। সালিস আয়োজনের কথা জানতে পেরে ভয়ে তিনি এক দিন আগেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। এ ঘটনার পর মেয়ের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় দিন কাটছে তাঁদের সবার।’মামলা দায়েরের ২৩ দিন পার হলেও পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্ত আসামি শাহজাহান মিয়া তার সহযোগীদের নিয়ে মেয়েটির বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে বলে মামলার বাদী অভিযোগ করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নান্দাইল থানার উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, ‘দিনের বেলায় অভিযান চালালে আসামিরা পালিয়ে যেতে পারে, তাই তিনি বাদীকে বলেছেন, রাতে অভিযুক্ত ব্যক্তিরা কোথায় থাকে তা জানাতে।’ তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নুরুল ইসলাম ৩০ অক্টোবর এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, স্কুলছাত্রীটিকে কৌশল খাটিয়ে অপহরণ করার ঘটনা তদন্তে সত্যতা পাওয়া গেছে। মেয়েটি গতকাল শনিবার এ প্রতিবেদকের সঙ্গে দেখা করে তার অসহায়ত্বের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে জানায়, ‘সাভার থেকে পালিয়ে আসার পর একটি দিনের জন্য সে শান্তিতে থাকতে পারছে না। ভয়ে বাড়িতে না থেকে তাকে অন্যের আশ্রয়ে পালিয়ে থাকতে হচ্ছে। এরই মধ্যে তাকে আবার অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। সে জানায়, পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার না করায় প্রকাশ্যে বের হতে সে ভয় পাচ্ছে। এদিকে ঈদের ছুটি শেষে আজ থেকে বিদ্যালয় খোলা হলেও সে বিদ্যালয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। এ বিষয়ে গত ২৯ অক্টোবর ও ১ নভেম্বর ‘তবু স্বপ্ন দেখছে মেয়েটি’ ও ‘অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি, ফের অপহরণে হুমকি’ শিরোনামে দুটি সংবাদ প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল।