সালিস বৈঠকে ছাত্রলীগের হামলা, পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সালিস বৈঠকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এতে সাতজন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে আসামি করে ভুক্তভোগী মাকসুদুর রহমান পাথরঘাটা থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পাথরঘাটা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি স্বপন খান, পৌর ছাত্রলীগের সদস্য রুহুল আমিন, বেল্লাল ও রাজু। সালিস বৈঠকে হামলায় আহতরা হলেন, ইউনুচ, সালাউদ্দিন খান, মোশারফ, চৌকিদার, জামাল ও স্বপন। ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর ছাত্রলীগের একদল কর্মী বৃহস্পতিবার রাত নয়টার দিকে পাথরঘাটা লঞ্চঘাট এলাকায় জাহাঙ্গীর ও বাজার রোড এলাকায় পৌর যুবদলের আহ্বায়ক এরফান আহম্মেদকে মারধর করে।এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সকালে পাথরঘাটার ঘুটাবাছা গ্রামের মাকসুদুর রহমানের ছেলেকে কতিপয় ছাত্রলীগের কর্মী মারধর করে। এ ঘটনা মীমাংসার জন্য বৃহস্পতিবার রাত আটটার দিকে ছোট পাথরঘাটা এলাকার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সালিসের আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সালিসে অভিযুক্ত ছাত্রলীগের কর্মীদের আর্থিক জরিমানা করা হলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উত্তেজিত হয়ে ওঠেন। এসময় তাঁর সঙ্গে থাকা স্বপন, রুহুল আমিন, বেল্লাল ও রাজুসহ ১৫-২০ জন কর্মী প্রতিপক্ষ মাকসুদুর রহমানসহ তাঁর পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। খবর পেয়ে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উপ-পরিদর্শক মইনুল হোসেন জানান, ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা একেবারে গায়ে পড়ে এ হামলা চালিয়েছে।