বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামে এক কিশোর (১৫) এক মেয়েশিশুকে (৭) ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ডাকা সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পিঙ্গলাকাঠি গ্রামের একটি মেয়েশিশুকে মঙ্গলবার দুপুরে একই গ্রামের আরেক কিশোর ধর্ষণের চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। এ নিয়ে ওই দিন দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ১০টায় গ্রামে সালিস বৈঠকে অভিযুক্তকে জুতাপেটা করা হয়। এতে তার আত্মীয়স্বজন ক্ষিপ্ত হয়ে বৈঠকে উপস্থিত প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সংঘর্ষের ঘটনায় শুক্রবার থানায় দুটি মামলা হয়েছে।