সালিস বৈঠকে লাঠি দিয়ে পিটিয়ে মামাকে খুন
রাজধানীর খিলগাঁও এলাকায় গতকাল মঙ্গলবার মোহাম্মদ সালাউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে ভাগনেরা তাঁকে হত্যা করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সালাউদ্দিন স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার হাজিবাড়ি রোডের ব্যাপারিবাড়িতে থাকেন। তাঁর বাসার উত্তর পাশে পৈতৃক সূত্রে তিনি কিছু জমি পেয়েছিলেন। গত সোমবার সকালে তিনি ওই জমি ভরাট শুরু করেন। এ সময় তাঁর ভাগনেরা বাধা দেয়।সালাউদ্দিনের শ্যালক জাহিদ হোসেন জানান, বিষয়টি নিয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সালাউদ্দিনের বড় ভাই আজাহার আলীর বাসায় পারিবারিক বৈঠক বসে। বৈঠকে বাগিবতণ্ডার একপর্যায়ে তিন ভাগনে খলিল, জলিল ও শুক্কুর লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে সালাউদ্দিনের সঙ্গে ভাইবোনদের বিরোধ ছিল। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।