রাজশাহীর বাঘায় পুলিশ বক্সে বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ডাকা সালিস ভন্ডুল হয়ে গেছে। এ ঘটনায় গত রোববার রাতে থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে। তবে পুলিশ বলছে, মামলার পর আসামি পালিয়ে গেছেন।
বাঘা উপজেলার বড়ছয়ঘটি গ্রামের পুলিশ বক্সে রোববার বাক্প্রতিবন্ধী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। স্থানীয় বাজুবাঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের মীমাংসার আশ্বাসের কারণে রোববার সারা দিনে এ ঘটনা পুলিশকে জানানো হয়নি। তবে রোববার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে পুলিশ সালিসের প্রস্তুতি ভন্ডুল করে দেয়।
ধর্ষণের ঘটনা সালিসযোগ্য নয় জেনেও চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা বলেন, মেয়ের মা ও ভাই স্থানীয়ভাবে মীমাংসা চাওয়ায় তাঁরা চেষ্টা করছেন।
রোববার রাত নয়টার দিকে বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, বিষয়টি প্রথমে পুলিশকে জানানো হয়নি। পরে জানতে পেরে রাতে ঘটনার শিকার মেয়ের ভাইকে থানায় নিয়ে আসা হয়। তাঁকে বাদী করে মামলা নেওয়া হয়। এতে উপজেলার বড়ছয়ঘটি গ্রামের মজিবুর রহমানের ছেলে অনিককে (২৫) আসামি করা হয়েছে। রাতে মামলা করার কথা শুনে অনিক পালিয়ে গেছেন। তাঁকে ধরা যায়নি।
মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।