সালিসের মাধ্যমে সোমা আক্তারের মৃত্যুর ঘটনার মীমাংসা হয়েছে কি না, তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রথম আলোর সোনারগাঁ প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে তদন্ত করে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শককে আগামী ৩ মার্চ প্রতিবেদন দিতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।১৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘হত্যাকাণ্ডের শাস্তি পাঁচ লাখ টাকা জরিমানা!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ। প্রাথমিক শুনানির পর আদালত ব্যাখ্যা জানাতে কুমিল্লার মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শককে (তদন্ত) ২৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন। পাশাপাশি সালিসে অংশ নেওয়া ছয় ব্যক্তিকেও হাজির হতে বলা হয়।আদালতের নির্দেশনা অনুসারে গতকাল মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) আদালতে হাজির হন। এ ছাড়া আবদুর রউফ, শাহাদাত হোসেন, গাজী আবু তালেব, ইসমাইল হোসেন, মজিবুর রহমান ও আবু সিদ্দিক আদালতে হাজির হন। তাঁদের পক্ষ থেকে আইনজীবী মুশফিকুর রহমান সময় চেয়ে বলেন, সেখানে সালিস হয়নি।আদালতে এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও আইনজীবী শেখ আলী আহমেদ উপস্থিত ছিলেন। পরে শেখ আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ৩ মার্চ ছয়জনকে আবার আসতে বলা হয়েছে। মৃতের বাবাকেও আসতে বলা হয়েছে সেদিন। এ ছাড়া সংশ্লিষ্ট ধারায় ওসিকে মামলা করতে বলা হয়েছে।মৃত গৃহবধূ সোমার বাবার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি গ্রামে।পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়ে পরে মারা যান সোমা। প্রথম আলোতে ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত এ-সংক্রান্ত খবরে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলা হয়, সালিসে বিষয়টির মীমাংসা করা হয়, কিন্তু সোমার বাবা তা মানেননি।