সালিসকারী লতিফ তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরী হেনা আক্তারকে দোররার রায় দেওয়া অন্যতম সালিসকারী আসামি লতিফ মীরমালতকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে নড়িয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ফজলুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এ দিকে হেনা হত্যা ও ধর্ষণ মামলার আসামি শিল্পী বেগম গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) শরীয়তপুরের পরিদর্শক মনিরুজ্জামান জানান, শিল্পী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মুখ্য বিচারিক আদালতের হাকিম আবদুল মান্নানের আদালতে শিল্পীর জবানবন্দি ১৬৪ ধারায় নথিভুক্ত করা হয়।হেনাকে ধর্ষণের পর দোররা মেরে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী কামাল হোসেন জানান, ফতোয়াবাজ লতিফ মীরমালতকে গত সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।