সালিসকারীদের কারণে তিন পরিবার গ্রামছাড়া
সালিসকারীদের বিরুদ্ধে মামলা করায় রাজশাহীর চারঘাটের তিনটি পরিবার দীর্ঘদিন ধরে গ্রামছাড়া। এর মধ্যে একটি পরিবার প্রায় দেড় বছর ও অপর দুটি আট মাস ধরে গ্রামের বাইরে রয়েছে। তাদের বাড়িঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।গ্রামছাড়া পরিবারগুলো হচ্ছে চারঘাটের বাদুড়িয়া গ্রামের সাবেক সেনাসদস্য গোলাম মোস্তফা, তাঁর বড় ভাই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহাতাব আলী ও রাজশাহী ইনস্টিটিউ অব হেলথ টেকনোলজির কর্মচারী মোহাম্মদ আলীর পরিবার। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা গত বছরের জুন মাস ও তাঁর অপর দুই ভাই গত ৫ মার্চ মাস থেকে বাড়িঘর ফেলে সপরিবারে বাইরে রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক কিশোরকে বলাৎকারের অভিযোগে ওই গ্রামের ১৮ জন ব্যক্তি ‘শান্তিরক্ষা কমিটি’ গঠন করেন। গত বছরের ২২ জুন তাঁরা গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা, মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে জুতার মালা গলায় দিয়ে গ্রাম ঘোরানো এবং বেত্রাঘাতের নির্দেশ দেন। গ্রাম্য মাতব্বরদের এমন নির্দেশের পর মোস্তফা সপরিবারে পালিয়ে যান। পরে তাঁকে ধরার জন্য ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।খবর পেয়ে ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির কর্মকর্তারা গোলাম মোস্তফাকে খুঁজে বের করে তাঁকে দিয়ে গত বছরের ১৭ জুলাই শান্তিরক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ ১৮ জন সালিসকারীরর বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করান। ব্র্যাকের চারঘাট শাখার তৎকালীন কর্মসূচি সংগঠক ফারুক ইকবাল বলেন, ‘ওই কিশোরের পরিবারের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, অভিযোগ সত্য নয়। তার পরও গ্রাম্য সালিসে গোলাম মোস্তফাকে অমানবিক শাস্তি ঘোষণা করা হয়।’এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মামলায় হাজিরা দিতে গেলে আদালত শান্তিরক্ষা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য মাসুদ রানা ও মঞ্জুর রহমানের জামিন নামঞ্জুর করেন। তাঁদের প্রায় তিন মাস হাজতবাস করতে হয়। এ ক্ষোভে সালাউদ্দিনের ছেলে গহর আলী, সাহেব আলী এবং মাসুদ রানার বড় ভাই রাকিবুল ইসলামের নেতৃত্বে গত ৫ মার্চ গোলাম মোস্তফার ভাই মাহাতাব আলী ও মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালানো হয়। এর পর থেকে মোহাম্মদ আলী বাড়ি ছেড়ে রাজশাহীর বহরমপুর এলাকায় বাসা ভাড়া করে আছেন। মাহাতাব আলী পুঠিয়ার আগলা গ্রামে আত্মীয়ের বাড়িতে এবং গোলাম মোস্তফা চারঘাট সদরে একটি অস্থায়ী বাড়িতে রয়েছেন।২১ নভেম্বর বাদুড়িয়া গ্রামে গিয়ে দেখা গেছে, তিন ভাইয়ের বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গোলাম মোস্তফার বাড়ির উঠানে ঘাস গাজিয়েছে। মাহাতাবের বাড়ির উঠানে আবর্জনার স্তূপ। মোহাম্মদ আলীর বাড়ির ফটকে ঝোলানো তালায় মাকড়সা বাসা বেঁধেছে। গোলাম মোস্তফার কুলবাগান কেটে ফেলা হয়েছে। তাঁর অপর একটি ফসলি জমিতে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলে।শান্তিরক্ষা কমিটির সভাপতি বলেন, ‘গ্রামে ফিরে এলে তাঁদের কিছুই করা হবে না। মনে সন্দেহ থাকায় তাঁরা আসতে পারছেন না।’ এ নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করছেন তাঁরা।মুঠোফোনে মোহাম্মদ আলী জানান, তিনি কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। প্রায় ৬০টি সালিস করেছেন তিনি। ওসব সালিসের জের ধরে বিরোধীপক্ষ তাঁর ভাইয়ের বিরুদ্ধে কিশোর-বলাৎকারের নাটক সাজিয়ে তাঁদের ভিটেছাড়া করেছে।