চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পাঁচটি পরিবারের ৬০ ব্যক্তি প্রায় দুই বছর ধরে গ্রামছাড়া। এ নিয়ে ১০ বার সালিস বৈঠক হলেও সালিসকারীদের টালবাহানায় মীমাংসা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও হাজীগঞ্জ থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে উপজেলার বানিয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম ও মফিজ উদ্দিনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে গত বছরের ১৬ এপ্রিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মফিজ উদ্দিনের পক্ষের আবদুল খালেক (৪২) গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল মারা যান তিনি। এ ঘটনার জের ধরে খালেকের পক্ষের লোকজন স্থানীয় কিছু যুবকের সহায়তায় মফিজ উদ্দিনের পাঁচ ছেলেকে মারধর করে সপরিবারে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। ওই পরিবারগুলো আজও গ্রামে ফিরতে পারেনি।বিষয়টি মীমাংসার নামে এ পর্যন্ত অন্তত ১০টি সালিস বৈঠক করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। তবে তাঁরা মীমাংসার পরিবর্তে উভয় পক্ষকেই হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।মফিজ উদ্দিন পক্ষের মো. মমিন অভিযোগ করেন, সালিসকারী মন্নান গাজী, রফিক মজুমদার, দুলাল গাজী, হারুনুর-রশিদ, আবুল বাশারসহ কয়েকজনের ইন্ধনেই তাঁদের বাড়ির সব মালামাল লুট হয়েছে। এমনকি বাড়ির জানালা-দরজাও খুলে নেওয়া হয়েছে। বাড়ির সব গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের জমিজমা ও পুকুরগুলোও সালিসকারীরা ভোগদখল করছেন। মমিন জানান, সম্প্রতি এলাকার রামপুর বাজারে একটি সালিস বৈঠক হয়। বৈঠকে খালেকের পক্ষের সালিসকারীরা বলেন, গ্রামে ফিরতে হলে ওই পরিবারগুলোকে ১৫ লাখ টাকা দিতে হবে।তবে সালিসকারী হারুনুর রশিদ দাবি করেন, ওই পাঁচটি পরিবার বিভিন্ন জায়গায় মানবেতর জীবন যাপন করছে। তারা বাড়িতে ফিরে আসুক, আর খালেকের পরিবার কিছু সহযোগিতা পেয়ে উপকৃত হোক—এটাই তাঁরা চেয়েছেন।অন্যদিকে সালিসকারীদের টালবাহানার কারণেই নিহত খালেকের পরিবার এখনো অসহায়ভাবে দিনাতিপাত করছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেশীরা জানান, খালেকের বসতভিটা ছাড়া কোনো জমি নেই। এলাকার মানুষের সাহায্যে কোনো মতে দিন চলে তাঁর পরিবারের। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু নছর পাটওয়ারী বলেন, সালিসে দেওয়া সিদ্ধান্ত কোনো পক্ষই মানতে চায় না। তাই তিনি ওই বিষয়ে খোঁজখবর নেওয়া ছেড়ে দিয়েছেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং পরে লুটপাটের ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে। সেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।