আত্মহননের আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর গোয়ালদী গ্রামের কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমিকে গত বছরের জুলাই মাসে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন শামীম মিয়া। এ সময় শামীমকে রক্ষায় সালিসের আয়োজন করেন স্থানীয় কয়েকজন। অভিযোগ উঠেছে, সালিসকারীরাই নানাভাবে নারী নির্যাতনের সঙ্গে জড়িত।ফারহানাকে তুলে নেওয়ার সময় বাধা দিতে গেলে তার কয়েকজন আত্মীয়কে মারধর করেন শামীম। ওই দিনই ফারহানার বাবা রফিকুল ইসলাম শামীমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু গ্রামের কতিপয় মাতবর ফারহানার পরিবারকে চাপ দিয়ে সালিসের আয়োজন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, ফারহানার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি শামীম মিয়ার কয়েকজন আত্মীয় এবং সেই সালিসের একাধিক সালিসকারী নারী নির্যাতন মামলার আসামি। ফারহানার আত্মহননের আগেও ওই গ্রামে আত্মহননে প্ররোচনা, ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। ওই সব ঘটনার সঙ্গে শামীমের আত্মীয়স্বজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।অনুসন্ধানে জানা যায়, ফারহানাকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় শামীমের ফুফাতো ভাই ও ওই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজলুল হক সালিস বৈঠকের আয়োজন করেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন ফজলুল হক ও তাঁর ছোট ভাই সুধীর মিয়া এবং গ্রামের মাহফুজুর রহমান।সূত্রের ভাষ্যমতে, ১৯৯৭ সালে স্থানীয় চৌধুরীগাঁও বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রওশন আরাকে ধর্ষণের চেষ্টা চালান সালিসের ‘বিচারক’ সুধীর মিয়া, মাহফুজুর রহমান ও সাবেক ইউপি সদস্য মন্টু মিয়া। এ ঘটনার পর অপমানে রওশন আরা আত্মহত্যা করে।এ ঘটনায় ওই তিনজনকে আসামি করে মামলা হয়। রওশন আরার মা হালিমা বেগম গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘ওই মামলার আসামিরা কিছুদিন জেল খাটার পর জামিনে মুক্তি পান। আসামিরা প্রভাবশালী হওয়ায় আমরা ভয়ে এই মামলা সম্পর্কে কোনো খবর পর্যন্ত নিইনি।’স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সালিসকারী ফজলুল হকের ছেলে ইরান মিয়া ২০১১ সালের সেপ্টেম্বর মাসে একটি শিশুকে ধর্ষণ করেন। এ ঘটনার পর ইরান মিয়াকে আসামি করে মামলা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।গ্রামবাসীর অনেকের অভিযোগ, ইরান মিয়া (১৮) দুই মাস আগে এক ছাত্রীর শ্লীলতাহানি করেন। কিন্তু ওই ছাত্রীর পরিবার ভয়ে মামলা করেনি। তবে গ্রামবাসীর চাপে মাদ্রাসাছাত্র ইরান মিয়াকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এক মাস আগে ইরান মিয়া ওই গ্রামে ভাড়া থাকা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার একজন গৃহবধূর শ্লীলতাহানি করেন। পরে লজ্জায় ওই গৃহবধূর পরিবার ওই গ্রাম ছেড়ে চলে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক চর গোয়ালদী গ্রামের একাধিক বাসিন্দা জানান, গত এক বছরে গ্রামে আটটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। গ্রামের মেয়েরা একটু বড় হলেই বখাটেরা তাদের পিছু নেয়। এ কারণে গ্রামে বাল্যবিবাহের হারও বেশি।গ্রামবাসীর অভিযোগ, বেশির ভাগ নারী নির্যাতনের ঘটনার সঙ্গে গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের সন্তানেরা জড়িত থাকে। তাই গ্রাম্য সালিস বসিয়ে নামমাত্র শাস্তি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হয়।সাবেক ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘নারী নির্যাতনের ঘটনা আমাদের এলাকায় একটু বেশি ঘটছে, এ কথা সত্য। তবে আমার ভাই ও ছেলে ষড়যন্ত্রের শিকার। আমার ছেলেকে আমি অনেক শাসন করেছি। সে প্রতিজ্ঞা করেছে, কখনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে না।’এদিকে ফারহানার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি শামীমকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ফারহানার পরিবারের সদস্যরা।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, শামীমকে গ্রেপ্তারের জন্য র্যা ব ও পুলিশের একাধিক দল কাজ করছে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।শ্লীলতাহানির অপমান সইতে না পেরে ১৭ নভেম্বর ফারহানা আত্মহত্যা করে। ওই দিন সকালে ঢাকার একটি ওষুধ কোম্পানির গাড়িচালক শামীম মিয়া (৩১) ও স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে তার শ্লীলতাহানি করেন। ফারহানা সোনারগাঁ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।