দরিদ্র জনগোষ্ঠীর সুবিচার নিশ্চিতে সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি অন্যতম একটি পথ। প্রকৃত অর্থে টেকসই সামাজিক সালিসব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই এটি নিশ্চিত করা সম্ভব। প্রচলিত সালিসের ইতিবাচক দিকের পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতার দিকও বিদ্যমান। তাই বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে আইনি স্বীকৃতির মাধ্যমে এই ব্যবস্থাকে আরও টেকসই করতে প্রয়োজন কর্মকাঠামো।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার ‘ন্যায়বিচারে অভিগম্যতা’ বিষয়ে দিনব্যাপী এক জাতীয় সম্মেলনে বেশির ভাগ বক্তা এই মত দেন। বেশ কয়েকজন বক্তা বলেন, প্রচলিত সালিসব্যবস্থাকে সামাজিক সালিস হিসেবে জনমুখী ও সুনির্দিষ্ট কর্মকাঠামোর আওতায় এনে তা টেকসই করার প্রয়োজনীয়তা অপরিহার্য। আপসযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত করতে সচেতনতা বাড়াতে হবে। বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন (এমএলএএ) ও নাগরিক উদ্যোগ ওই সম্মেলনের আয়োজন করে।
উদ্বোধনী পর্বে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের আদালতগুলো মামলার ভারে ভারাক্রান্ত। সাধারণ মানুষ দীর্ঘসূত্রতার কারণে প্রাতিষ্ঠানিক বিচারব্যবস্থায় আগ্রহ হারাচ্ছে। সালিসব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি হলে খরচ ও সময় বেঁচে যাবে। দুই পক্ষকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিরোধ নিষ্পত্তি করা যায়। এই
সেবা সম্পর্কে জনগণকে জানানো ও উদ্বুদ্ধ করতে বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সালিসব্যবস্থা আরও গ্রহণযোগ্য করতে সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। মূল প্রবন্ধে বলা হয়, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ধরনের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩১ লাখ ৫৬ হাজার ৮৭৮। পূর্বাভাস অনুযায়ী ২০২০ সালে মামলাজট ৫০ লাখে দাঁড়াবে। আদালতে অমীমাংসিত মামলার মধ্যে বেশ কিছু আপসযোগ্য মামলাও রয়েছে। সে ক্ষেত্রে ভবিষ্যতে আপসযোগ্য বিরোধ যাতে আদালত পর্যন্ত না গড়ায়, সেই লক্ষ্যে টেকসই সামাজিক সালিস সম্পূরক ভূমিকা পালন করবে।
আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যে বিরোধ হচ্ছে, এর ৮০ শতাংশ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। কেবল ২০ শতাংশ বিরোধ বিভিন্ন পর্যায় অতিক্রিম করে বিচারালয়ে আসে। সালিস প্রাচীন কাঠামো। এই কার্যক্রম সম্পর্কে জনগণকে জানাতে হবে।
সিএলএসের টিম লিডার জেরম সায়েরের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে ডিএফআইডির গভর্ন্যান্স অ্যাডভাইজার জোয়েল হার্ডিং ও ইউএনডিপির অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সরদার এম আসাদুজ্জামান বক্তব্য দেন। কর্ম অধিবেশনে অন্যদের মধ্যে ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন বক্তব্য দেন। দুই পর্বের অধিবেশনে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মোহাম্মদ শহীদ ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন পৃথক দুটি প্রবন্ধ তুলে ধরেন।