সালিসি বৈঠকে ঢুকে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামকে একটি সালিসি বৈঠক চলাকালে সেখানে ঢুকে কুপিয়ে জখম করেছে তাঁর প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, জাহেদুল ইসলাম পেকুয়া চৌমুহনীর একটি বিপণিবিতানের তিনতলায় একটি কক্ষে সালিসি বৈঠকে বসেন। ওই সময় দলীয় বিরোধের জের ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের লোকজন সেখানে ঢুকে তাঁকে কোপাতে কোপাতে বিপণিবিতানের নিচতলায় নিয়ে আসে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন জাহেদুল ইসলাম চৌধুরী অভিযোগ করেছেন, দলীয় বিরোধের জের ধরে যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ভাই আজমের নেতৃত্বে পাঁচ-ছয়জন যুবক পরিকল্পিতভাবে তাঁকে কুপিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
পেকুয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, আওয়ামী লীগ নেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এদিকে, গতকাল সন্ধ্যা সাতটায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের লোকজন মিছিল করেছে। সেখানে বক্তারা বলেন, জাহাঙ্গীর আলমের কিছু হলে জ্বলবে আগুন পেকুয়ার ঘরে ঘরে।