সালিসি বৈঠকে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, একজন গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে গ্রাম্য সালিসি বৈঠকে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল হক (৬০)। এ ঘটনায় ওই সালিসের বিচারক নুর নবী ওরফে মিস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর বিচারক গিয়াস উদ্দিন ঘটনার পর থেকে পলাতক।পুলিশ ও এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, গত শনিবার রাত আটটার দিকে আবদুল হক ও তাঁর পুত্রবধূর মধ্যে পারিবারিক কলহের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম আহম্মদপুর গ্রামে এক সালিসি বৈঠক বসে। বৈঠকে আবদুল হকের পুত্রবধূকে দোষী সাব্যস্ত করে শ্বশুরের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় আবদুল হক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আর কতবার মাফ করা হবে? বারবার মাফ করা হবে, আর বারবার সে (ছেলের বউ) ঘরের সবাইকে অপমান করবে!’ তিনি সালিসের নির্দেশ অনুযায়ী পুত্রবধূকে ক্ষমা করতে অসম্মতি প্রকাশ করেন। সালিসদারদের কথার ওপর কথা বলায় ঘটনাস্থলে উপস্থিত সালিসের দুই বিচারক নুর নবী ও গিয়াস উদ্দিন ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও মারধর করে। একপর্যায়ে অচেতন হয়ে ঘটনাস্থলেই মারা যান আবদুল হক।এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে নুর নবীকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ওই রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহত আবদুল হকের ছেলে আবু সুফিয়ান বাদী হয়ে নুর নবী ও গিয়াস উদ্দিনকে আসামি করে মামলা করেছেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।