সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামে গতকাল শনিবার ভোরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গৃহশিক্ষকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে গত শুক্রবার রাতে সালিসে তাকে অপমান করা হয়। এর জেরে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রীর নাম রিমা খাতুন (১৫)। সে বল্লী গ্রামের সাইকেল মিস্ত্রি জাকির আলী খাঁর মেয়ে। বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
রিমার মা ফজিলা খাতুন বলেন, গত শুক্রবার সন্ধ্যার পর গৃহশিক্ষক রিমাকে পড়াতে তাঁদের বাড়িতে যান। এ সময় তাঁরা বাড়িতে ছিলেন না। একপর্যায়ে একই গ্রামের আনছার খাঁ ও তাঁর ছেলে মহব্বত তাঁদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। পরে লোকজন জড়ো করেন। তাঁরা রিমার সঙ্গে গৃহশিক্ষকের অনৈতিক সম্পর্কের অপবাদ দেন। পরে ফজিলা খাতুনের চাচা শ্বশুর হজরত আলীর বাড়ির উঠানে সালিস বসানো হয়। সেখানে রিমা ও তার গৃহশিক্ষককে গালিগালাজ করা হয়। পরে গৃহশিক্ষকের বাবার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে আগামীকাল সোমবার ১৫ হাজার টাকা দেওয়ার শর্তে গৃহশিক্ষককে ছেড়ে দেওয়া হয়। আর রিমাকে তার চাচির হাতে তুলে দেওয়া হয়। এই অপমান সইতে না পেরে রিমা ভোরের দিকে তার চাচির পাশ থেকে উঠে গিয়ে বাড়ির উঠানের একটি আমগাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রিমার মা ফজিলা খাতুন অভিযোগ করেন, এর আগে একই এলাকার আনছার খাঁর ছেলে মহব্বত আলী (১৭) রিমাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। ঘটনাটি তাঁরা আনছার খাঁকে অবহিত করে বিচার চান। এতে আনছার খাঁ ক্ষুব্ধ ছিলেন। এর জেরেই গৃহশিক্ষকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে তাঁর মেয়েকে সালিসে অপমান-অপদস্থ করা হয়।
জানতে চাইলে আনছার খাঁ বলেন, বাবা, মা ও ভাই বাড়িতে না থাকার সুযোগে রিমার সঙ্গে শুক্রবার রাত আটটার দিকে ওই গৃহশিক্ষক অনৈতিক কাজ করছিলেন। জানতে পেরে তিনি ঘরের শিকল তুলে তাঁদের আটক করেন।
জানতে চাইলে সালিসে উপস্থিত থাকা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান বলেন, তিনি সালিসে শেষের দিকে গিয়েছিলেন। সালিস থেকে জরিমানার ১৫ হাজার টাকা তাঁর কাছে দিতে বলা হয়েছিল। রিমা ও তার শিক্ষককে অপমান করার বিষয়ে তিনি কিছু জানেন না।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে রিমার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।