সালিসে অভিযুক্ত যুবকের ৮ হাজার টাকা জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে গত সোমবার রাতে এক বাক্‌প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রাম্য সালিস হয়েছে। সেখানে অভিযুক্ত ব্যক্তিকে ৮ হাজার টাকা ও তাঁকে মারধর করার অভিযোগে ওই প্রতিবন্ধীর দুই ভাইকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন সালিসদারেরা।

গত শনিবার রাত নয়টার দিকে ওই তরুণীকে (১৯) নিজ বাড়িতে একই এলাকার রফিকুল ইসলাম (৩০) ধর্ষণ করেছেন বলে মেয়েটির পরিবার অভিযোগ করেছে।

মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে মেয়েটি ঘুমিয়ে পড়ার পর তাঁর মা ঘরের বাইরে থেকে শিকল লাগিয়ে পাশের বাড়িতে যান। এরপর রফিকুল ঘরে ঢুকে ভয় দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির মা চলে এলে তিনি রফিকুলকে হাতেনাতে ধরে ফেলেন। পরে মেয়েটির দুই ভাই এসে রফিকুলকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আন্তাদুল ইসলামের কাছে বিচার চান। পরে ওই ইউপি সদস্য, স্থানীয় বাকি বিল্লাহসহ গ্রামের মাতব্বরেরা সালিসের আশ্বাস দেন।

সোমবার রাতে আন্তাদুল ইসলামের সভাপতিত্বে সালিস বসে। সেখানে ধর্ষণের দায়ে রফিকুলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই টাকা মেয়েটির হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে মাতব্বরেরা রফিকুলকে মারধর করার অভিযোগে মেয়েটির দুই ভাইকে ৭ হাজার টাকা জরিমানা করেন। মেয়েটির ভাই বলেন, মাতব্বরেরা বিষয়টি থানা-পুলিশকে না জানাতে তাঁদের পরিবারকে হুঁশিয়ার করে দিয়েছেন।

আন্তাদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের অনুরোধে তাঁরা বিষয়টি সমাধান করে দিয়েছেন। ধর্ষণের ঘটনা এভাবে সালিসের মাধ্যমে সমাধান করা যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, গ্রামের শান্তি-শৃঙ্খলার স্বার্থে সবাই মিলেই সমাধান করা হয়েছে। তবে তিনি দাবি করেন, মেয়েটির পরিবারের সদস্যদের আইনের আশ্রয় নেওয়ার ব্যাপারে নিষেধ করেননি, এমনকি এ ব্যাপারে তিনি হুমকিও দেননি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’