সালিসে অভিযুক্তকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নে এক নারীকে (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় সালিসে অভিযুক্ত তরুণকে (১৯) ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করা হয়েছে। ওই টাকা নির্যাতনের শিকার নারী ও গ্রামের মাতব্বরেরা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে সালিস বসিয়ে ওই ভাগ-বাঁটোয়ারা করা হয়।
স্থানীয় ১০-১৫ জন বাসিন্দা বলেন, মাড়িয়া ইউনিয়নের ওই নারীর স্বামী সড়ক দুর্ঘটনায় বছরখানেক আগে মারা যান। এরপর থেকে তিনি শিশুসন্তান নিয়ে স্বামীর বাড়িতে ছিলেন। ওই তরুণ দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করছিলেন। গত রোববার রাতে ওই তরুণ তাঁর ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁর সঙ্গে ওই তরুণের ধস্তাধস্তিও হয়। ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তরুণকে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজন ওই তরুণকে থানায় দেওয়ার ও তাঁর বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিলে একটি পক্ষ তা বসে সুরাহার উদ্যোগ নেয়। পরদিন সোমবার সকালে সুরাহার কথা বলা হলেও রাতে গ্রামের একটি আমবাগানে সালিস বসানো হয়। সালিসে সভাপতিত্ব করেন মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসলাম আলী। ধর্ষণের বিষয় প্রমাণ না হওয়ায় সালিসে অভিযুক্ত তরুণকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। রাতেই জরিমানার টাকা আদায় করে তা বণ্টন করা হয়েছে।
নির্যাতিত নারীর এক আত্মীয় প্রথম আলোকে বলেন, জরিমানার ২ লাখ ২০ হাজার টাকা ওই নারীকে দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা মাতব্বর ও সালিসের প্রধানেরা নিয়েছেন। নারীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন ওই তরুণ। স্থানীয় লোকজন বিষয়টি জানার পর একাধিকবার ওই তরুণকে সতর্ক করছিলেন। ওই নারীকে বিয়ের প্রলোভনও দেখানো হয়েছিল।
সালিসের সভাপতি ইউপি চেয়ারম্যান আসলাম আলী অভিযুক্ত তরুণের কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, সালিসে নারীকে ধর্ষণের অভিযোগ করা হলেও পরে তার প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই নারীকে প্রায়ই উত্ত্যক্ত করার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য সম্মানহানির জন্য ক্ষতিপূরণ হিসেবে তাঁকে (ওই নারী) ৩ লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি ৬০ হাজার টাকা গ্রামের আটটি পাড়ায় ও সালিসের তদারকির দায়িত্বে গ্রাম পুলিশদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। নারীকে দেওয়া টাকা ব্যাংকে হিসাব খুলে সেখানে নির্দিষ্ট মেয়াদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনার বিচার গ্রাম্য সালিসে করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘যেহেতু ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি, তাই করা যায়।’
তবে রাজশাহী জজকোর্টের সরকারি কৌঁসুলি ইব্রাহিম হোসেন বলেন, গ্রাম্য সালিসে এ ধরনের বিচার করার এখতিয়ার নেই।
অভিযুক্ত তরুণের মুঠোফোনে গতকাল মঙ্গলবার সকালে ও দুপুরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর স্বজনেরাও এ বিষয়ে কিছু বলতে চাননি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না, তাঁকে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।