সালিসে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের রুল
পটুয়াখালীর গলাচিপায় গ্রাম্য সালিসে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। একই সঙ্গে ওই ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে পটুয়াখালীর পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল ‘অনৈতিক সম্পর্কের ধুয়া, গলাচিপায় সালিসের নামে গৃহবধূকে জুতাপেটা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভানেত্রী ফাওজিয়া করিম ফিরোজ বিষয়টি আদালতের নজরে আনেন ও প্রতিবেদনটি পড়ে শোনান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান। শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি ওই নির্দেশ দেন।এ ব্যাপারে ফাওজিয়া করিম প্রথম আলোকে বলেন, ওই ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গলাচিপার কল্যাণকলস গ্রামে সালিসের নামে এক গৃহবধূকে কয়েক শ মানুষের উপস্থিতিতে জুতাপেটা করা হয়। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।