সালিসে চার ডাকাতকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডোবাইল এলাকার গ্রাম্য সালিসে চার ডাকাতকে জুতাপেটা ও জরিমানা করে ছেড়ে দিয়েছেন ঢালজোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইছামুদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিশিন্দাহাটি এলাকায় গ্রাম্য সালিস বসিয়ে ওই রায় দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ছেড়ে দেওয়া ডাকাত দলের সদস্যরা হলেন কালিয়াকৈর উপজেলার নিশিন্দাহাটি গ্রামের হেলাল উদ্দিন, আবদুল লতিফ, শরীফ উদ্দিন ও নজরুল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ডোবাইল এলাকার গরু ব্যবসায়ী আবদুস ছাত্তার ১২ জুলাই রাতে বাড়ি ফেরার পথে নিশিন্দাহাটি এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাঁর কাছে থাকা ১৭ হাজার টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ী আবদুস ছাত্তার ডাকাত দলের কয়েকজন সদস্যকে চিনতে পারেন। তিনি ঢালজোড়া ইউপির চেয়ারম্যান ইছামুদ্দিন ও এলাকার মাতবরদের অবহিত করেন।
বুধবার ভোররাতে ডাকাত সদস্য লতিফ মিয়া এলাকায় এলে এলাকাবাসী তাঁকে আটক করে পিটুনি দেন। তাঁর জবানবন্দি অনুযায়ী ডাকাত দলের বাকি সদস্যদের খুঁজে আটক করা হয়। এ ঘটনায় ঢালজোড়া ইউপির চেয়ারম্যান ডাকাত দলের সদস্যদের পুলিশে না দিয়ে গতকাল দুপুরে নিশিন্দাহাটি এলাকায় সালিসের আয়োজন করেন। ওই সালিসে ডাকাত দলের সদস্যরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। চেয়ারম্যান ডাকাতদের জুতাপেটা ও ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
ইউপি সদস্য আক্তার হোসেন বলেন, ‘আটককৃতরা আমার কাছের লোক। গ্রাম্য সালিস বসিয়ে চেয়ারম্যান তাঁদের বিচার করে ছেড়ে দিয়েছেন।’ চেয়ারম্যান ইছামুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।