ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রাম্য সালিসে চার ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।গত মঙ্গলবার রাতে জয়ধরকান্দি গ্রামে ব্যবসায়ী সিরাজ মিয়ার বাড়িতে ডাকাতি হয়। গত বুধবার ওই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মো. মোজামেঞ্চল হকের নেতৃত্বে সালিস বৈঠক বসে। সেখানে ওই জরিমানা করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার গভীর রাতে জয়ধরকান্দি গ্রামের ধান ব্যবসায়ী সিরাজ মিয়ার বাড়িতে ১০-১২ জন মুখোশধারী ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতেরা বাড়ির লোকদের মারধর করে দুই ভরি স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা লুটে নেয়। এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রাম্য মাতবরেরা সালিস বৈঠকের আয়োজন করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকার চিহ্নিত ডাকাত আজিজ মিয়াকে (৩৫) আটক করে সালিসে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আজিজ মিয়া নিজের দোষ স্বীকার করে জানান, ডাকাতির সঙ্গে জয়ধরকান্দি গ্রামের চিহ্নিত ডাকাত ইছা মিয়া (২২), পাহাড় মিয়া (২৩) ও যসু মিয়াও (৩২) জড়িত ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতেরা স্থানীয় নয়।এলাকাবাসী জানায়, ইউপি চেয়ারম্যানের নির্দেশে লোকজন ওই তিন ব্যক্তিকে আটক করে সালিসে হাজির করে। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী প্রত্যেকের দেড় লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় জরিমানার ৪০ হাজার টাকা এবং ওই চার ব্যক্তির বাড়ির দলিল জমা দিয়ে তাঁদের ছাড়িয়ে নিয়ে যান স্বজনেরা। ইউপি চেয়ারম্যান মো. মোজামেঞ্চল হক জানান, ওই সালিসে ইউপি সদস্য মো. আহাদ মিয়া, সাবেক ইউপি সদস্য মো. মর্তুজ আলীসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। তিনি বলেন, গ্রামবাসীর জিজ্ঞাসাবাদে চারজন ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জরিমানার টাকা আগামী ১০ দিনের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।বিষয়টি কেন পুলিশকে জানানো হয়নি—এই প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, ‘এলাকার ছেলেরা একসময় ভালো হয়ে যাবে—এই চিন্তা থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়নি।’ সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তবে এই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে ওই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’