সালিসে ছুরিকাঘাত নিহত ১, আহত ৪
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সালিস বৈঠকে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আবদুল অদুদ (৩৮)। তাঁর বাড়ি উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। আহত চারজন হলেন অদুদের ছোট ভাই জাকির হোসেন ভুইয়া (৩৪), বোন হাছিনা বেগম (২৫), প্রতিবেশী নাছির উদ্দিন (৩৬) ও নাছির উদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার (২৯)।
এলাকাবাসী, নিহত ব্যক্তির পরিবার ও সালিসকারীরা জানান, আবদুল অদুদ ভুইয়া ও তাঁর চাচাতো ভাই জহিরুল ইসলাম ভুইয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি মীমাংসার জন্য গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে গ্রাম্য মাতবর ও স্বজনেরা তাঁদের বাড়ির উঠানে সালিস বৈঠকে বসেন। সালিসকারীদের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির সীমানা মেপে দেখার সময় অদুদ ও জহিরুলের মধ্যে বচসা হয়। একপর্যায়ে জহিরুল অদুদের মাথা, পিঠ ও পেটে ছুরিকাঘাত করেন। এ সময় অদুদকে রক্ষা করার জন্য এগিয়ে এলে জাকির হোসেন, হাছিনা বেগম, নাছির উদ্দিন ও তাঁর স্ত্রী আকলিমা আক্তারকেও ছুরিকাঘাত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে গুরুতর আহত আবদুল অদুদকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত অপর চারজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সালিসকারীদের মধ্যে মো. ইসলাম বলেন, মুহূর্তের মধ্যে জহিরুল ইসলাম আবদুল অদুদকে ছুরিকাঘাত শুরু করলে সালিসকারীরা বিব্রত অবস্থায় পড়েন। আবদুল অদুদকে রক্ষা করতে গিয়ে তিনিও ছুরিকাঘাতে আহত হন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় পুলিশ জহিরুল ইসলামের বাবা দুলাল ভুইয়াকে আটক করেছে। অদুদকে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।