সালিসে টাকা ফেরত দিলেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে সংরক্ষিত এক নারী ইউপি সদস্য ভিজিডি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নেওয়া ঘুষের টাকা সালিসে ফেরত দিয়েছেন। গত বৃহস্পতিবার নিজ বাড়ির উঠানে সালিসে ওই ইউপি সদস্য এই টাকা ফেরত দেন।গ্রামবাসী ও সালিস বৈঠক সূত্রে জানা গেছে, উপজেলার সোনামূখী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য হাজেরা বেগম ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে গ্রামের বেশ কিছু লোকের কাছ থেকে ঘুষ নেন। এমন একজন কোলা গনিপুর আকন্দপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগমের কাছ থেকে তিন মাস আগে তিনি ঘুষ নেন। ১ মার্চ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিডির গম আনতে গিয়ে মাকসুদা জানতে পারেন তালিকায় তাঁর নাম নেই। পরদিন সকালে তিনি স্বামীকে নিয়ে ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়ে তাঁর কাছে ঘুষের টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে হাজেরার সহযোগিতায় তাঁর ছেলে তাঁদের মারপিট করে তাড়িয়ে দেন। ঘটনাটি তাঁরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি এম রাহেল ইমামকে জানালে ওই দিন বিকেলে এ ব্যাপারে হাজেরার বাড়ির উঠানে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে সালিস বসে।সালিসে মাকসুদা বেগম অভিযোগ করেন, ‘ভিজিডি কার্ডের জন্য কয়েক দফা হাজেরা বেগমের বাড়িতে গেলে তিনি আমার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ চান। পরে তাঁকে চার হাজার টাকা ঘুষ দিয়েছি। ভিজিডির গম আনতে গিয়ে দেখি তালিকায় আমার নাম নেই। পরদিন সকালে টাকা ফেরত আনতে গেলে হাজেরা আমাকে এক হাজার টাকা দিয়ে বলে বাকিটা পরে দেব। আমি ও আমার স্বামী তাঁর কথায় রাজি হইনি। এরপর হাজেরার সহযোগিতায় তাঁর ছেলে আমাদের দুজনকে মারপিট করেন।’ তিনি বলেন, ‘ঘুষ নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় হাজেরা আমাকে সাড়ে তিন হাজার টাকা ফেরত দিয়েছেন।’সালিসে হাজেরা বেগম বলেন, ‘আমি মাকসুদার কাছে টাকা চাইনি। সে আমাকে জোর করে এক হাজার টাকা দিয়েছিল। চার হাজার টাকা ঘুষ নেওয়া ও মারধরের কথা ঠিক নয়। টাকা ফেরত চাইতে আসায় আমার ছেলে ক্ষিপ্ত হয়ে তাঁদের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সালিস বৈঠকে এক হাজারের পরিবর্তে আমাকে সাড়ে তিন হাজার টাকা দিতে হলো।’ এ ছাড়া অন্য কারও কাছ থেকে ভিজিডি কার্ডের নামে ঘুষ নেওয়ার কথা তিনি অস্বীকার করেন। সোনামূখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে হাজেরা বেগম কিছু টাকা নিয়েছিলেন। সালিস বৈঠকে হাজেরা ঘুষের টাকা ফেরত দিয়েছেন।’