সালিসে দুই শিশুর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেটির বয়স ১৭, মেয়েটির ১৩। একান্তে কথা বলার অভিযোগ তুলে গ্রাম্য মাতব্বরেরা উভয়কে দোররা মেরে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হারদা চাঁদপুরে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন জানান, অভিযোগ জানার পর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে গত রোববার ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, গতকাল সোমবার সকাল থেকেই তিনি তদন্তের কাজ শুরু করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে হারদা চাঁদপুর গ্রামের সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রী তার প্রতিবেশী এক ছেলের সঙ্গে বাড়ির পাশে একটি বাঁশবাগানে দাঁড়িয়ে কথা বলছিল। তাদের এভাবে কথা বলতে দেখে গ্রামের কয়েকজন বিষয়টি গ্রাম্য মাতব্বরদের জানান।খবর পেয়ে মাতব্বরেরা ওই রাতেই সালিস বৈঠক বসান। স্থানীয় মাতব্বর দুলাল হোসেন, জাকির হোসেন, শাহিনুর রহমান, শাজাহান আলম ও নজরুল ইসলামের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মাতব্বর দুলাল হোসেন শিশু দুটিকে ৫০টি করে দোররা মারার এবং ৬০ হাজার টাকার দেন মোহরানায় বিয়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ অমান্য করলে উভয় পরিবারকে একঘরে করে রাখা হবে বলে হুমকি দেন তাঁরা। চাপের মুখে শিশু দুটির পরিবার তাদের সন্তানদের বিয়ে পড়াতে বাধ্য হয়। বিয়ে পড়ান স্থানীয় মসজিদের ইমাম মো. সারেং মোল্লা।১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ে ও ২১ বছরের কম বয়সী ছেলেদের বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।গ্রাম্য মাতব্বর দুলাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বোর্ডের অন্যতম সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নামমাত্র সদস্য ছিলেন। দুলাল হোসেন ওই দুই শিশুকে ৫০ ঘা করে দোররা মারা ও বিয়ে পড়ানোর নির্দেশ দেন।তিতুদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুজ্জামান জানান, ছেলেমেয়ে দুটি রাতের বেলা বাঁশবাগানে দাঁড়িয়ে কথা বলছিল। সামাজিক শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে গ্রাম্য মাতব্বরেরা সিদ্ধান্ত নিয়ে তাদের বিয়ে দেন। তবে সেখানে কোনো দোররা মারার ঘটনা ঘটেনি। মেয়েটি এখন শ্বশুরবাড়িতে আছে। বিয়ের বিষয়টি ছেলে ও মেয়ের পরিবার মেনে নিয়েছে।