সালিসে ধর্ষণের বিচার অতঃপর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনার বিচার করেছেন গ্রাম্য মাতবররা। সালিস বৈঠক ডেকে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ২০ হাজার টাকা জরিমানা করেছেন তাঁরা। গত বৃহস্পতিবার এই প্রহসনমূলক সালিস বৈঠক হয়।এ ঘটনায় ওই গৃহবধূ (২৫) বাদী হয়ে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে উজিরপুর থানায় মামলা করেছেন। ওই গৃহবধূ অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিরা মাতবরদের আত্মীয়। তাই তাঁদের রক্ষা করার জন্য মাতবররা এ রায় দিয়েছেন। তিনি আরও বলেন, ‘মাতবররা জোর কইররা সালিসের নামে মোর ইজ্জতের দাম দেয় কুড়ি হাজার টাকা। হেরা মোরে মামলা করতেও দেই নাই, হেগোও বিচার চাই।’মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার গুঠিয়া আশোয়ার গ্রামের এক দিনমজুর তাঁর স্ত্রী ও সন্তানদের বাড়িতে রেখে মঙ্গলবার ঢাকা যান। একই গ্রামের লিটন ঢালী (৩৫) ও পান্নু ফকির (৩৪) ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ওই দিনমজুরের স্ত্রীকে ধর্ষণ করেন। বুধবার সকালে বিষয়টি তাঁর স্ত্রী গ্রাম্য মাতবর ফরিদ হোসেন, আ. কাদের মোল্লা ও স্বপন ফকিরকে জানান।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রাম্য মাতবররা বিষয়টি কাউকে না জানাতে বলেন এবং এ ঘটনার বিচারের আশ্বাস দেন। বৃহস্পতিবার সকালে পান্নু ফকিরের আত্মীয় গ্রাম্য মাতবর স্বপন ফকিরের বাড়িতে এক সালিস বৈঠক হয়। এতে অভিযুক্ত দুজন অনুপস্থিত ছিলেন।গত বৃহস্পতিবার ওই দিনমজুর বাড়ি ফিরে আসেন। ওই দিন বিকেলে তাঁর স্ত্রী লিটন ঢালী ও পান্নু ফকিরকে আসামি করে থানায় মামলা করেন। বরিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিরা পলাতক রয়েছেন।লিটন ঢালী ও পান্নু ফকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। গ্রাম্য মাতবর ফরিদ হোসেন, কাদের মোল্লা ও স্বপন ফকির জানান, গৃহবধূর সামাজিক মানসম্মানের কথা চিন্তা করে গোপনে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।