সালিসে প্রকাশ্যে দুই গৃহবধূকে লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গ্রাম্য সালিসে দুইজন গৃহবধূর ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। মাতবরদের নির্দেশে উপস্থিত শত শত লোকের সামনে তাঁদের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। উপজেলার রাজারামপুর কাশীগঞ্জ গ্রামে গত ২৬ জুন ঘটে এ ঘটনা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গতকাল বুধবার বিকেলে এনামুল হক ও এনামুল হোসেন নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনা থেকে রেহাই পেতে এলাকার মাতবরেরা নির্যাতিত দুই গৃহবধূর একজনকে নিয়ে গতকাল দুপুরে বদরগঞ্জ প্রেসক্লাবে এনে সংবাদ সম্মেলন করেছেন। গৃহবধূ সাংবাদিকদের বলেন, তাঁর নিজের আত্মীয়স্বজনেরা তাঁকে মারধর করলেও কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার শ্যামপুর গ্রামের এক ব্যক্তি ৩০ বছর দশেক আগে রাজারামপুর কাশীগঞ্জ গ্রামে বিয়ে করেন। ওই ব্যক্তি ঘরজামাই হিসেবে রাজারামপুরের কাশীগঞ্জ গ্রামে থাকতেন। গত ২৩ জুন রাতে তিনি নিজ বাড়িতে বিষপান করেন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তিনি মারা যান।ওই ব্যক্তির মৃত্যুর জন্য তাঁর স্ত্রীকে অভিযুক্ত করে তাঁর পরিবার। তাঁদের অভিযোগ, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। এ জন্য তাঁরা সালিস ডাকেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডল। উপস্থিত ছিলেন স্থানীয় মধুপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আয়নাল হক, বিএনপির নেতা আবদুল কাদের, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাহেদ আলী, ইউপির সদস্য ইলিয়াছ আলী, মাদ্রাসাশিক্ষক সেকেন্দার আলী, এনামুল হক, এনামুল হোসেন প্রমুখ।নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানান, ওই ব্যক্তির আত্মহত্যার জন্য সালিসে তাঁর স্ত্রী ও প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রীকে দায়ী করা হয়। প্রতিবেশীর স্ত্রীকে দায়ী করা হয় এই কারণে যে তাঁদের দুজনের ঘনিষ্ঠতা ছিল। তাঁরা দুইজনে মিলে প্রায়ই হাটবাজারে যেতেন। এ জন্য উভয়কে সালিসে ‘চরিত্রহীনা’ অপবাদ দেওয়া হয়। একপর্যায়ে বিএনপির নেতা রউফ মণ্ডলের নির্দেশে দুই গৃহবধূর চুল ধরে টেনে মাটিতে ফেলে এলোপাতাড়ি লাথি ও লাঠিপেটা করেন এনামুল হক, আবদুল আউয়াল, এনামুল হোসেনসহ সালিসে উপস্থিত আরও কয়েকজন। পরে স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।নিহতের বড় ভাই বলেন, ‘আমার ভাইকে পরিকল্পতিভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চেয়েছিলাম। কিন্তু তাঁর স্ত্রী ও আরেক মহিলাকে এভাবে সবার সামনে পেটানো হবে, তা বুঝতে পারিনি।’