সালিসে বখাটেদের হামলা, আহত ৩
বগুড়ার শেরপুরে গ্রাম্য সালিসে বখাটের হামলায় গ্রাম পুলিশের এক সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজানী নিশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য (চৌকিদার) কালীচরণ দাস (৪৮), গ্রাম্য মাতবর মন্টু চন্দ্র রায় ও শচীন্দ্র নাথ রায়। কালীচরণকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী চিকিৎসক মোসাম্মৎ ফরিদা বলেন, কালীচরণ হাত ও পাঁজরে আঘাত পেয়েছেন। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
গ্রাম্য মাতবর মন্টু চন্দ্র বলেন, বখাটে যুবক মকুল শীল (২৬) সোমবার দুপুরে গ্রামের একটি ভুট্টাখেতের পাশে এক নারীর (৪৫) শ্লীলতাহানির চেষ্টা চালান। পরদিন মঙ্গলবার রাতে গ্রামে সালিস বসানো হয়। সালিস চলাকালে বখাটে মকুল ও তাঁর তিন সহযোগী লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। বাধা দিতে গেলে তাঁরা আহত হন।
কালীচরণ বলেন, গ্রামের সালিসে চৌকিদার হিসেবে তিনিও উপস্থিত ছিলেন। তাঁদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই তিনি মকুলসহ কয়েকজনের নামে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন।
গতকাল বুধবার ওই গ্রামে গেলে কয়েকজন নারী অভিযোগ করেন, মকুল দুই-তিন বছর ধরেই গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে আসছেন। এতে গ্রামের ছাত্রীরা স্কুলে যেতেও ভয় পায়। মকুলকে খুঁজতে বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে সালিসে হামলার পর থেকেই মকুল ও তাঁর বাড়ির লোকজন পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, মকুল গ্রামের একজন বখাটে যুবক। বিগত সময়েও তাঁর বিরুদ্ধে গ্রামের নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় সালিস হয়েছে। ওই সব সালিসে সতর্ক করেও কোনো লাভ হয়নি। মকুল পেশায় একজন সেলুন শ্রমিক।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, ঘটনার রাতেই মকুলকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হয়। তিনি পলাতক রয়েছেন।