সালিসে বখাটের শাস্তি গলায় জুতার মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রাম্য সালিসে এক যুবককে মারধরের পর মুখে চুনকালি ও গলায় জুতার মালা পরিয়ে এলাকা ঘুরিয়েছে গ্রামবাসী। পরে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় সালিসে উপস্থিত স্থানীয় ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটে।পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারকোল উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল গ্রামের বখাটে যুবক আলতাফ হোসেন। গত বৃহস্পতিবার মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে একা পেয়ে মেয়েটিকে জোর করে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আলতাফ। একপর্যায়ে মেয়েটির চিৎকারে পথচারীরা এগিয়ে এলে আলতাফ পালিয়ে যায়।এ ঘটনায় মেয়েটির পরিবার থানায় মামলা করতে চাইলেও গ্রাম্য মাতব্বরেরা সালিসে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন। গতকাল দুপুরে পারকোল গ্রামে সালিস বসে। এতে সভাপতিত্ব করেন গ্রামের আবদুল হামিদ। এ ছাড়া সালিসে উপস্থিত ছিলেন স্থানীয় বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসমাইল হোসেন, পারকোল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সোবাহান মিয়া ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. সামাদ মিয়াসহ প্রায় দেড় হাজার মানুষ।সালিসের রায় অনুযায়ী, আলতাফ হোসেনকে মারধর করে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এরপর এলাকা ঘুরিয়ে তাকে বড়াইগ্রাম থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় ইউপি সদস্য ইসমাইল হোসেনকে আটক করে পুলিশ।আলতাফের বাবা বদর উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে অপরাধ করলে তার বিরুদ্ধে থানায় বা আদালতে মামলা হতে পারে। আদালত যে রায় দিতেন, আমরা মেনে নিতাম। কিন্তু গ্রাম্য সালিসের নামে তাকে মারধর করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হলো কেন?’এ বিষয়ে সালিসের সভাপতি আ. হামিদ বলেন, তিনি পারকোল উচ্চবিদ্যালয়ের অভিভাবক-শিক্ষক কমিটির সভাপতি। এলাকাবাসীর অনুরোধেই তিনি সালিসে সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে বখাটে যুবককে ওই সাজা দেওয়া হয়।প্রধান শিক্ষক সোবাহান মিয়া বলেন, ‘বখাটেরা যাতে ভবিষ্যতে স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্ত স্থাপন করতে ওই সাজা দেওয়া হয়।’ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, ‘এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন বিচার-সালিস করার জন্য। সবার সম্মতিতেই রায় দেওয়া হয়েছে।’বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ধর্ষণচেষ্টার অভিযোগে আলতাফকে আসামি করে থানায় মামলা করেছেন মেয়েটির চাচা। এ ছাড়া সালিসে মারধর ও জুতার মালা পরানোর অভিযোগে ইউপি সদস্য ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে।