নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীরগ্রামে বরজ থেকে পান চুরির অভিযোগে গত বুধবার মিনু রায় (৪৫) নামের এক বিধবাকে সালিসের নামে বাঁশকলে ফেলে শারীরিক নির্যাতন এবং তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গ্রামবাসী সূত্রে জানা গেছে, বীরগ্রামের বিজন বাগচীর (৪০) বরজ থেকে পান চুরি হয়। গ্রামের মৃত কানাই রায়ের স্ত্রী মিনু রায় এই চুরির সঙ্গে জড়িত সন্দেহে বুধবার সকালে তাঁকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে সালিস বসানো হয়। সালিসে উপস্থিত ছিলেন কলোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজমুল ইসলাম ও বাবুল বিশ্বাস এবং বীরগ্রামের শেখর। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী মিনু রায়কে বাঁশকলে ফেলে নির্যাতন করা হয়। এরপর তাঁকে পিটিয়ে মাথার চুল কেটে দেওয়া হয়। ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ওই দিন বিকেলে সদর হাসপাতালে ভর্তি করা হয়।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলিমুজ্জামান জানান, মিনু রায়ের পা, কোমর, মেরুদণ্ড ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।চিকিৎসাধীন মিনু রায় বলেন, ‘বরজের কর্মচারী নিতাই আমারে একটা গাছের সঙ্গে হাত বান্দে রাহে মাথার চুল কাটে দেয়, সুজয় মাথায় চেয়ার দিয়ে বাড়ি মারে, বুকের ওপর বাঁশ দিয়ে ডলা দেয়। আমি জোন (শ্রমিক) বেঁচে খাই। ওগে সাথে আমাগে গন্ডগোল আছে, সে জন্যি মিথ্যে অপবাদ দিয়ে আমারে খালি খালি মারিছে।’ইউপি সদস্য নাজমুল ইসলাম বলেন, ‘বিষয়টি শোনার পর সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিনু রায়কে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। আমি সালিসের সঙ্গে জড়িত নই।’কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ বিশ্বাস বলেন, ইউনিয়ন পরিষদে সরকার গ্রাম আদালত স্থাপন করেছে। যদি চুরির ঘটনা হয়েই থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা গ্রাম আদালতে বিচারের জন্য আবেদন করতে পারতেন। তা না করে তাঁরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। এ ব্যাপারে আহত মিনু রায়কে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সালিস বৈঠকের নামে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত রয়েছে। সেখানে অথবা থানায় অভিযোগ দিতে পারত। অভিযোগ পেলে সালিসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।