সালিসে মীমাংসার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছে। গত শুক্রবার জেলা সদরের দিঘী ইউনিয়নে সালিসের আয়োজন করা হয়।

সালিসে মামলার আসামি নবীন হোসেনকে (৩৫) আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জরিমানার দেড় লাখ টাকা আদায় করা হয়েছে। আওয়ামী লীগ থেকে নির্বাচিত দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন মোল্লা এই টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার আরজি ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস ধরে দিঘী ইউনিয়নের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন নবীন হোসেন। বিষয়টি ছাত্রীর পরিবার নবীনের পরিবারকে জানালেও কোনো সুরাহা হয়নি। গত ৩১ অক্টোবর ভোরে ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন নবীন। খবর পেয়ে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাফর শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওই বাড়িতে যান। পরে ইউপি চেয়ারম্যানের বিচারের আশ্বাসে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়। তবে ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও সালিস না হওয়ায় পরে মামলা করা হয়। ৬ নভেম্বর ওই ছাত্রীর দাদা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নবীন, তাঁর বাবা ও ছোট ভাইকে আসামি করে মামলা করেন।

গতকাল বুধবার স্থানীয় একাধিক ইউপি সদস্য, ছাত্রীর পরিবার ও গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মামলা হওয়ার পর বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সাবেক ইউপি সদস্য জহির উদ্দিনের বাড়িতে সালিসের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মতিন মোল্লার সভাপতিত্বে দুই পক্ষের লোকজনসহ সালিসে চারজন ইউপি সদস্য, মাতবর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিসে চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য জাফর শিকদারসহ অন্য জনপ্রতিনিধিদের নিয়ে সমঝোতা কমিটি গঠন করা হয়। এই কমিটি নবীনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

জাফর শিকদার বলেন, চেয়ারম্যানের নির্দেশে উভয় পক্ষকে নিয়ে সালিসে বসে নবীনকে জরিমানা করা হয়।

নবীনের ছোট ভাইসহ সালিসে অংশ নেওয়া এক ইউপি সদস্য বলেন, গত সোমবার জরিমানার ২ লাখ ৫০ হাজার টাকার মধ্যে দেড় লাখ টাকা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। বাকি টাকা মওকুফ করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ওই ছাত্রীর দাদা বলেন, ‘জরিমানার ট্যাহা আমরা চাই নাই। আমাদের এই ট্যাহারও দরকার নাই। আমার নাতনি সঠিক বিচার যেন পায় সেটাই চাইছিলাম। কিন্তু মামলা তুলে নিতে হইব বইল্যা চেয়ারম্যান-মেম্বাররা জানায়। তাই তাগো কথা রাখতে গিয়া মামলা তুলে নেওয়ার চিন্তা করছি।’

ইউপি চেয়ারম্যান মতিন মোল্লা বলেন, হত্যা মামলাও সালিসে মীমাংসা করা হয়। তাই দুই পক্ষ রাজি থাকলে এ ধরনের ঘটনা সালিসে মীমাংসা করা যেতে পারে। তবে টাকা নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

জানতে চাইলে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নূরুল হুদা প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা সালিসে আপসের সুযোগ নেই। যাঁরা সালিসে মীমাংসার উদ্যোগ বা মীমাংসার চেষ্টা করেন, তাঁদের আইনের আওতায় আনা যেতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার গতকাল প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনার কাগজ পাওয়া গেছে। মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।