সালিসে যুক্ত ইউপি চেয়ারম্যানের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে সালিসে এক কিশোরীসহ দুজনকে পেটানোর অভিযোগে মামলা হওয়ার পর থেকে জামিন পাওয়া পর্যন্ত (১৪-২০ ফেব্রুয়ারি) চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দাপ্তরিক কোনো কাজ করেছেন কি না, তা জানিয়ে প্রতিবেদন দিতে হবে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আগামী ৯ মার্চের মধ্যে এটি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি ২০ ফেব্রুয়ারি জামিন নেওয়ার সময় ওই ইউপি চেয়ারম্যান হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুলের বিষয়টি বিচারিক আদালতকে অবহিত করেছিলেন কি না, তাও ৯ মার্চের মধ্যে জানাতে লক্ষ্মীপুরের বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আদালত ৯ মার্চ চরমার্টিনের ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে আদালতে হাজির হতে বলেছেন।

‘লক্ষ্মীপুরে সালিসে পেটানোর ভিডিও ভাইরাল’ শিরোনামের প্রতিবেদন একটি অনলাইন সংবাদপত্র ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্লাস্টের আইন উপদেষ্টা ও পরিচালক এস এম রেজাউল করিম, সঙ্গে ছিলেন আইনজীবী শারমিন আক্তার। এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন। পাশাপাশি ব্যাখ্যা জানাতে ইউপি চেয়ারম্যান ও কমলনগর থানার ওসিকে আজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ ইউপি চেয়ারম্যান ও ওসি হাইকোর্টে হাজির হন।

আদালতে ইউপি চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও ওসির পক্ষে ছিলেন আইনজীবী ইব্রাহিম খলিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।

প্রতিবেদন অনুসারে, লক্ষ্মীপুরের কমলনগরে সালিসে এক কিশোরীসহ দুজনকে পিটিয়েছেন চরমার্টিনের চেয়ারম্যান ইউছুফ আলী। মারধরের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর একটি সালিসে মারধরের এ ঘটনা ঘটেছে।

ওসির পক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল পরে প্রথম আলোকে বলেন, ১৪ ফেব্রুয়ারি কমলনগর থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। লক্ষ্মীপুর আদালত থেকে তিনি জামিন পান। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা যায়নি বলে আদালতকে জানানো হয়েছে। লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য সময় চাওয়া হলে আদালত ৯ মার্চ পর্যন্ত সময় দেন। ওই দিন এই দুজনকে হাজির হতে হবে।