সালিসে লাঞ্ছনাকারীকে জুতাপেটা, ৩০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক ও এক কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় সালিসে অভিযুক্ত লাঞ্ছনাকারীকে জুতাপেটা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসক-কর্মচারীদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সালিস বৈঠক হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে সালিস বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজাহারুল ইসলাম ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। এতে অভিযুক্ত দেলোয়ারকে ৩০ হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করা হয়। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সালিস বৈঠকে অভিযুক্ত দেলোয়ারকে কর্মচারীর চিকিৎসা ও আসবাব মেরামতের জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে জুতাপেটাও করা হয়। এ ঘটনার জন্য দেলোয়ার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এ কারণে পূর্বঘোষিত সব কর্মসূচি বাতিল করা হয়েছে। গত বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। সেখানে স্বাস্থ্য কর্মকর্তাদের না পেয়ে ওই তিনজনের স্বজনেরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে দেলোয়ারের নেতৃত্বে ক্ষুব্ধ ব্যক্তিরা উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা অনিল চন্দ্র ভৌমিক, চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ, হুমায়ুন কবির, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা ও কর্মচারী শাহীন মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।