সালিসে শাস্তি জুতার মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার এক তরুণকে গ্রাম্য সালিসে বেত্রাঘাত শেষে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়েছে।

এলাকাবাসী ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার স্কুল থেকে ফেরার পথে ওই তরুণ ছাত্রীটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। এ সময় মেয়ের চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল ইসলামের নির্দেশে রোববার রাতেই ওই তরুণকে ইউপি কার্যালয়ে আনা হয়। পরে গতকাল বেলা ১১টায় ইউনিয়নের নয়াপাড়া বাজারে সালিস বসানো হয়। এতে নূরুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। ওই তরুণের ভাই বলেন, ‘আমার ভাইকে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে ধরে নিয়ে গ্রামের রাস্তায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে। এ অবস্থায় তাকে মারধরও করা হয়েছে। বিচারের সিদ্ধান্ত অনুযায়ী ওই মেয়েকে পাঁচ গন্ডা জমিও লিখে দিতে হয়েছে।’

ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, অভিযোগ ওঠায় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসে যে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী ওই তরুণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও ওই তরুণকে চুরির অভিযোগে শাস্তি দেওয়া হয়েছিল।

মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান এবং পরে কথা বলার জন্য বলেন। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

শ্রীপুর থানার এসআই আমিনুর ইসলাম বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করা হচ্ছে।’