সালিসে শাস্তি দেওয়া বন্ধে পরিপত্র জারির নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালিস ও ফতোয়ার নামে বিচার-বহির্ভূত শাস্তি বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় সরকার পর্যায়ে পরিপত্র (বিজ্ঞপ্তি) জারি করতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।সালিস ও ফতোয়ার নামে বিচার-বহির্ভূত শাস্তির বিরুদ্ধে সচেতনতামূলক কর্যক্রম গ্রহণ এবং এ ধরনের ঘটনায় ইউনিয়ন পরিষদের কোনো প্রতিনিধির (চেয়ারম্যান বা সদস্য) সম্পৃক্ততা পাওয়া গেলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯-এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ওই পরিপত্র জারি করতে বলা হয়েছে। একই সঙ্গে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে লিখিত আবেদনের জন্য অপক্ষো না করে অবহিত হওয়ামাত্র মামলা রুজু করা এবং সালিসের নামে বিচার-বহির্ভূত শাস্তির ঘটনায় প্রতিটি থানাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে পুলিশের মহাপরিদর্শককে পরিপত্র জারি করতে বলা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘গৃহবধূ ও তাঁর স্বামীর বন্ধুকে ১০১ দোররা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি ওই দিন আদালতের নজরে আনে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)। প্রাথমিক শুনানির পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এতে ব্যাখ্যাদানকারী হিসেবে আসক পক্ষভুক্ত হয়। রুল জারির পাশাপাশি আদালত ওই ঘটনার ব্যাখ্যা জানাতে নওগাঁর ওসিসহ সালিসে সংশ্লিষ্ট ব্যক্তিদের ১ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেন। আদালতে আসকের পক্ষে আইনজীবী আবু ওবায়দুর রহমান ও অবন্তী নূরুল মামলা পরিচালনা করেন। ওসির পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের জামিন বাতিল হয়েছে। আদালত দুই পুলিশ কর্মকর্তাকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।