সালিসে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘুরিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে সালিসি বৈঠকে কথাকাটাকাটির জের ধরে মাদ্রাসাশিক্ষক মোয়াজ্জেম হোসেনকে (৩৮) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ভাদাস হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও দিঘুরিয়া গ্রামের মহিরউদ্দিনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘুরিয়া গ্রামের মহিরউদ্দিনের আরেক ছেলে নূরুল ইসলামের সঙ্গে ছয় বছর আগে একই গ্রামের আবু সাইদের মেয়ে তারাবানুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের সংসারে দাম্পত্য কলহ দেখা দেয়। এরই মধ্যে তাঁদের একটি সন্তানও হয়। কিছু দিন আগে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করলে নূরুল ইসলাম তাঁর স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। এরপর থেকে উভয়ে আলাদা বসবাস করতে থাকেন। বিষয়টি নিয়ে মোয়াজ্জেম হোসেনের চাচাশ্বশুরের (শরীফের) বাড়িতে সালিসি বৈঠক বসে। বৈঠকে কেন তালাক দেওয়া হলো—এ নিয়ে উভয় পক্ষ বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মেয়ের বাবা ক্ষুব্ধ হয়ে জামাই নূরুল ইসলামকে মারধর শুরু করেন। তাঁকে রক্ষার জন্য তাঁর তিন ভাই এগিয়ে আসেন। এ সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় নূরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও সালামসহ তাঁরা চার ভাই গুরুতর আহত হন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোয়াজ্জেম হোসেন মারা যান।