ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক তরুণীকে দোররা মারার সালিস বৈঠকে সভাপতিত্ব করায় উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম জিলানীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, ১৯ মে তরুণীকে দোররা মারার সালিসে সভাপতিত্ব করায় দলের উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গোলাম জিলানীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।‘বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪’ শিরোনামে ২২ মে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়। এর অনুলিপি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে আইনজীবী মাহবুব শফিক, কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাইকোর্টে রিট করেন। তাঁদের রিটের পরিপ্রেক্ষিতে ফতোয়া ও শরিয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি দেওয়াকে কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানাতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি গত সোমবার রুল জারি করেন হাইকোর্ট।